অসুস্থ তিন শিল্পীকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা
অসুস্থ তিন শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
গণভবনে সোমবার সন্ধ্যায় অভিনেত্রী মায়া ঘোষ, অভিনেতা মঞ্জুর হোসেন ও মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আব্দুস সাত্তারের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
মায়া ঘোষকে ৫ লাখ টাকা এবং চলাচলের জন্য একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ- প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
দেড় বছর আগেও চিত্রনায়ক সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সংবাদপত্রে তাদের দুরবস্থার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নিজে আর্থিক সহায়তার এই উদ্যোগ নেন বলে উপ-প্রেসসচিব জানান।
প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
অনুদানপ্রাপ্তরা তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
