বায়রার নির্বাচনে স্থগিতাদেশ
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নির্বাচনের তফসিল এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ সোমবার রুলসহ এই স্থগিতাদেশ দেয়।
গত ৪ ফ্রেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা। আগ্রহীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার।
নির্বাচনের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মেসার্স ট্রেড ইনফরমেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আবদুল্লাহ রোববার রিট আবেদনটি করেন, যা সোমবার শুনানির জন্য ওঠে।
আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
তফসিলের ওপর স্থগিতাদেশের ফলে নির্বাচনের সব কার্যক্রমও স্থগিত হয়ে গেল বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আলতাফ হোসেন জানান।
রিট আবেদন থেকে জানা যায়, নির্বাচনের জন্য ৯ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে বায়রা। সেখানে নাম না দেখে ১২ মার্চ আপিল বোর্ডে আপত্তি জানান আবদুল্লাহ।
এ বিষয়ে ১৬ মার্চ আপিল বোর্ডে শুনানি হয়। এরপর লিখিত সিদ্ধান্ত ছাড়াই ২১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে রিটকারীর অভিযোগ।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ২২ মার্চ ট্রেড অর্গানাইজেশনের পরিচালেকের কাছে আবেদন করেন রিট আবেদনকারী। তাতে সাড়া না পেয়ে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে তিনি হাই কোর্টে এই রিট আবেদন করেন।
বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১২ ধারা কেন সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ ঘোষণা করা হবে না, ২২ মার্চ আবদুল্লাহর দেওয়া চিঠির প্রেক্ষিতে পদক্ষেপ না নেওয়া ‘কেন বেআইনি হবে না’ এবং আবেদনকারীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে হাই কোর্ট।
আইন সচিব, বাণিজ্য সচিব, ট্রেড অর্গানাইজেশনের পরিচালকসহ নয় বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে আইনজীবী কামরুজ্জামান কাকন জানান।
