লিবিয়ায় চার বাংলাদেশি নিহত
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহী বাহিনীর সংঘর্ষের মধ্যে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিবাদমান দুইপক্ষের গোলাগুলিতে তারা নিহত হয়েছেন। ত্রিপোলিতে আমাদের অ্যাম্বেসি প্রয়োজনীয় কাজগুলো করছে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল হকের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।
এরা হলেন- রাজবাড়ীর আবদুর রহিম, ময়মনসিংহের হুমায়ুন কবির ও যশোরের মো. হাসান। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট কর্মীদের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করে বেনগাজি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দূতাবাস কর্তৃপক্ষ চারজনের মৃতদেহ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঢাকা থেকে ত্রিপোলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য একটি হট লাইন (+218944642154) চালু করার কথাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা গত শুক্রবার ত্রিপোলির একটি বাজার থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে দেশে তাদের স্বজনদের কাছে খবর এসেছে।
এরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরগাও গ্রামের আব্বাস আলীর ছেলে আসাদুজ্জামান রাসেল (২৪) ও মুন্সীগঞ্জের রিপন (২২)।
