২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই যাত্রার স্মরণে এই হেঁটে চলা

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর বাঁচতে নিরুদ্দেশ গন্তব্যে হাঁটতে হয়েছিল কোটি মানুষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 11:17 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’

৪৫ বছর আগের দুঃসহ সেই স্মৃতি নতুন প্রজন্মের উপলব্ধিতে আনার লক্ষ্যে শনিবার স্বাধীনতা দিবসে ৩৬ মাইল পথ হাঁটার কর্মসূচি পালিত হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এই পদযাত্রা আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের উদ্দেশ্যও ছিল।

মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে দুই দশক আগে সেগুন বাগিচার ভাড়া বাড়িতে যাত্রা শুরু করা মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে নিজস্ব ভবন গড়ে তুলতে তহবিল সংগ্রহ করছে।

সকাল ৬টায় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করা ৫৭ জনের দলে নারী ও শিশুদের সঙ্গে ষাটোর্ধ্বরাও ছিলেন। বিভিন্ন স্থান থেকে ছাত্র-শিক্ষক-মুক্তিযোদ্ধারাও যোগ দেন পদযাত্রায়।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অভিযাত্রীরা প্রথমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভূমিতে।

সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক নতুন প্রজন্মের কাছে একাত্তর সালের ২৫ মার্চ কালরাতে জগন্নাথ হলে পাকিস্তানি বাহিনীর তাণ্ডবের বর্ণনা দেন।

এরপর সার্জেন্ট জহুরুল হক হলের সামনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণহত্যার কথা তুলে ধরেন তিনি।

“এই সার্জেন্ট জহুরুল হক হলের তখনকার নাম ছিল ইকবাল হল। এখানে রাতে হত্যাযজ্ঞ চালানোর পর অনেক লাশ গুম করা হয়েছিল। হত্যাযজ্ঞ চলেছে পাশের মহসীন হলে, এখনকার সূর্যসেন হলে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে মিরপুর সড়ক হয়ে আসাদ গেইটে গিয়ে আবার শুরু হয় স্মৃতিচারণ। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা আমানউল্লাহ মো. আসাদুজ্জামানের আত্মদানের কথা উঠে আসে মফিদুল হকের বর্ণনায়।

আসাদ গেইটে অভিযাত্রী দলের সঙ্গে যুক্ত হন মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউটের এক দল শিক্ষার্থী। একাত্তর সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানি বাহিনী গড়ে তুলেছিল নির্যাতন কেন্দ্র।

এরপর চিড়িয়াখানা সড়ক ধরে বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে হেঁটে তুরাগ নদীর পাড়ে যায় পদযাত্রা।

নৌকায় নদী পেরিয়ে সাদুল্ল্যাপুরের গোলাপ বাগান হয়ে আকরাইনে মধ্যাহ্নভোজ সেরে বিকালে খাগাইন, আইয়ুকপাড়া, বেলমা, কুটুরিয়া, বিশমাইল হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে দলটি স্মৃতিসৌধে পৌঁছায় সন্ধ্যা ৭টায়।

এই পদযাত্রার সহ-আয়োজক পর্বতারোহী দল ‘অভিযাত্রী’র পক্ষে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, যাকারিয়া বেগ, অভিযাত্রী ইনাম আল হকও ছিলেন।

যাকারিয়া জানান, তাদের ৫৭ জনের সঙ্গে আরও ২০ জন মিলে মোট ৭৭ জন স্মৃতিসৌধে পৌঁছান। পথে দুজন অসুস্থ হলে তারা বাসে চড়ে সাভারে যান।