‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’
মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে স্বাধীনতা দিবসে ৩৬ মাইল পদযাত্রা করবে মুক্তিযুদ্ধ জাদুঘর। ওইদিন প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রা সন্ধ্যায় পৌঁছাবে সাভারের জাতীয় স্মৃতি সৌধে।
সোমবার এক সংবাদ সম্মেলনে পদযাত্রার বিস্তারিত জানান মুক্তযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জগন্নাথ হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে পদযাত্রা ফুলার রোড হয়ে, সার্জেন্ট জহুরুল হক হলের সামনের রাস্তা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির দিকে এগিয়ে যাবে। মুক্তি সংগ্রামের উত্তাল দিনগুলোতে এই বাড়িটি ছিল বাঙালির আশার মধ্যমণি।
মিরপুর সড়ক ধরে পদযাত্রী দল থামবে ঊনসত্তরের শহীদ স্মারক ‘আসাদ তোরণে’। কিছুদূর এগিয়ে তারা থামবে মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বাসভবনের সামনে।
একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্যাতন ক্যাম্প হিসেবে ব্যবহৃত মোহাম্মদপুর শরীরচর্চা কেন্দ্র এবং রায়ের বাজার বধ্যভূমি থেকে আরও দুটি দল সেখানে মূল দলের সঙ্গে যুক্ত হবে।
এরপর চিড়িয়াখানা সড়ক ধরে বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে হেঁটে তুরাগ নদীর পাড়ে যাবে পদযাত্রা।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ এই পদযাত্রায় সবাই হয়তো সবটা হাঁটতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কেউ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে ন্যূনতম এক হাজার টাকা অনুদান দিয়ে হাঁটতে পারেন এক মাইল পথ। মাত্র ৩০০ টাকায় কিনতে পারেন স্মারক টি-শার্ট।
কেউ চাইলে নিজ উদ্যোগে পুরো পথ হাঁটতে পারেন, টাকা না দিয়েও পদযাত্রায় সঙ্গী হতে পারেন।
এই পদযাত্রা প্রতিযোগিতা নয়, বরং অনুভবের, শ্রদ্ধা ভালোবাসার এমন মন্তব্য করে মফিদুল হক বলেন, “কেবলমাত্র জাদুঘরের জন্য টাকা উত্তোলন এই কর্মসূচির উদ্দেশ্য নয়।
“বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিগুলো ঘুরে দেখা কর্মসূচির মূল লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে পদযাত্রার সহ-আয়োজক পর্বতারোহী দল ‘অভিযাত্রী’র পক্ষে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, যাকারিয়া বেগ, অভিযাত্রী এনাম আল হক উপস্থিত ছিলেন।
