ভাষা, সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই: ইনু
ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে শুক্রবার রাজধানীকে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপাচ্যে জঙ্গিরা ইতিহাসকে ধ্বংস করছে, কিন্তু ইরান ইতিহাস সংরক্ষণ করছে।
“ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নাই।ইরানি ও বাঙালিরা ইসলামে বিশ্বাসী হলেও ভাষা-সংস্কৃতি-দেশ আলাদা এবং যার যার অনুষ্ঠান আমরা করে থাকি। দেশজ ভাষা, আচার-আচরণ ও সংস্কৃতির সঙ্গেও ইসলামের কোনো বিরোধ নাই।”
তাই একইসঙ্গে পহেলা বৈশাখ ও নওরোজ উৎসব পালন করলে ‘মুসলমানিত্ব’ চলে যাবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
“নির্ভয়ে বৈশাখ ও নওরোজ উৎসব পালন করবেন, নির্ভয়ে চৈত্র-সংক্রান্তি করবেন, তাতে মুসলমানিত্ব যায় না।”
বাংলা ভাষায় প্রায় পাঁচ হাজার ফারসি শব্দ ব্যবহৃত হয় বলে জানিয়ে তিনি বলেন, “যেমন নামাজ, তারিখ, জবানবন্দি, দোকান, চশমা, আমদানি, রপ্তানি, কারখানা ও জানোয়ার নিত্য দিন আমরা ব্যবহার করে থাকি।”
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ইরানি সংস্কৃতি কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি বক্তব্য রাখেন।
