রায়েরবাজার কবরস্থানের উদ্বোধন
ঢাকার রায়েরবাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধের কাছে নতুন একটি কবরস্থান উদ্বোধন করা হয়েছে, যাতে প্রায় এক লাখ মৃত ব্যক্তিকে দাফন করার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল ৫টার দিকে ‘রায়েরবাজার কবরস্থান’ নামে এই কবরস্থানের উদ্বোধনীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মধ্যে নির্মিত এই কবরস্থানে জমির পরিমাণ প্রায় ৯৬ দশমিক ২৩ একর। উদ্বোধনী ফলকে একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কবরস্থান বলে অভিহিত করা হয়।
এ কবরস্থান নির্মাণ প্রকল্পের তথ্য থেকে জানা যায়, পাঁচ কোটি ২২ লাখ টাকার বেশি ব্যয়ে কবরস্থানটি নির্মাণের জন্য ২০১১ সালের জুলাইয়ে কাজ শুরু হয়। ৯৬ দশমিক ২৩ একর জমির মধ্যে ৭৯ দশমিক ৪৮ একর অধিগ্রহণ করা হয়, বাকিটা সরকারি খাস জমি।
প্রায় পাঁচ বছর ধরে নির্মাণ কাজ চলার পর কবরস্থানটি উদ্বোধন করা হলো।
