২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অভিনয়ে ‘রোমিও ও জুলিয়েট’ মার্চেই

দীর্ঘদিন মহড়ার পর শারীরিকভাবে সীমাবদ্ধদের (প্রতিবন্ধী) অংশগ্রহণে মার্চের শেষ সপ্তাহে শিল্পকলায় মঞ্চায়ন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অমর প্রেমের নাটক ‘রোমিও ও জুলিয়েট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

আগামী ২৮ ও ২৯ মার্চ মঞ্চস্ত হতে চলা এই নাটকটির জন্য কয়েক বছর ধরে মহড়া চলছিল বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান আয়োজকরা।

স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থিয়েটার এবং লন্ডনের গ্রে-আই থিয়েটার যৌথভাবে ভিন্নধর্মী এই নাটকটি মঞ্চে তুলছে।

সম্মেলনে নাটকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

লন্ডনের গ্রে-আই থিয়েটারের আর্টিস্টিক পরিচালক এবং লন্ডন প্যারা অলিম্পিক ২০১২ এর আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিউলির সার্বিক সহায়তায় নাটকটি নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই প্রথম প্রতিবন্ধী তরুণ-তরুণীরা শেক্সপিয়ারের কোনো নাটকে অভিনয় করছে।

“দীর্ঘ তিন বছর কাজ করে আমরা মঞ্চে উঠার প্রস্তুতি নিয়েছি। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের ১৩ জন ভিন্নভাবে সক্ষম সক্ষম মানুষদের নিয়ে ঢাকা থিয়েটার ও লন্ডনের গ্রে-আই থিয়েটার যৌথভাবে নাটকটি মঞ্চায়ন করছে।”

নাটকে দুজন রোমিও এবং দুজন জুলিয়েট। অন্যান্য চরিত্র বাচিক ও ইশারা ভাষায় সংগীতসহ মঞ্চে নাটকটি পরিবেশিত হবে বলে জানান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ।

তিনি বলেন, “বিশ্বের ১৩০টি দেশে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে এ বছর। শুধু বাংলাদেশেই ভিন্নভাবে সক্ষম আমাদের সন্তানেরা শেক্সপিয়ারের নাটক মঞ্চায়ন করার মধ্যদিয়ে এ মহান নাট্যকারকে আমরা স্মরণ করবো।”