রাজধানীর তুরাগে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
রাজধানীর তুরাগ থানা এলাকায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মায়ের করা মামলায় হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে হেলালকে দুইদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী হেফাজতের আদেশ দিয়েছেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদিন শিশুটি আদালতে জবানবন্দিও দিয়েছে।”
মামলার বিবরণী থেকে জানা যায়, শিশুটি পরিবারের সঙ্গে রাজধানীর তুরাগ থানা এলাকায় থাকে। তার মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
গত ১৭ মার্চ প্রতিবেশী হেলাল শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটিকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা তুরাগ থানায় মামলা করেন।
