অবমাননা: ১০ ট্যানারি মালিককে তলব
ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা অনুসরণ না করায় দশ ট্যানারি মালিককে তলব করেছে হাই কোর্ট।
আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাদের আদালতে হাজির হয়ে নিজেদের ব্যাখ্যা দিতে হবে।
এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
এই দশ ট্যানারি মালিক হলেন- রানা লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আরেফিন সামছুল আলামিন, জুলেট এন্টারপ্রাইজের মালিক মো. সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, সালাম ট্যানারির মো. আব্দুস সালাম, মেসার্স করিম লেদার ইউনিট-২ এর মালিক রেজাউল করিম আনসারী, মেসার্স মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির মো. মফিজ মিয়া ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের ব্যাবস্থাপনা অংশীদার মো. আকবর হোসেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
মামলার বিবরণে জানা যায়, হাই কোর্ট ২০০১ সালে এক রায়ে ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আদালত আরেক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেয়।
সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়। ওই সময় শেষ হয় ২০১১ সালের ৩০ এপ্রিল। এরপরও ট্যানারি স্থানান্তর না করায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যাল্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল হাই কোর্ট রুল দেয়। পরে ২০১৫ সালের ২১ এপ্রিল আদালত শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যাও দেন।
বার বার তাগিদ দেওয়ার পরও ওই দশ প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের পদক্ষেপ না নেওয়ায় মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আরজি জানান আইনজীবী মনজিল মোরসেদ।
এর ধারাবাহিকতায় গত বছর ১১ অগাস্ট হাই কোর্ট ওই দশ কারাখানা মালিকের বিরুদ্ধে রুল দেয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
এরপর দশ প্রতিষ্ঠানের মালিকের ব্যক্তিগত হাজিরা চেয়ে ২১ মার্চ আবেদনকারীপক্ষ নতুন আবেদন করে, যা বুধবার শুনানির জন্য ওঠে।
চলতি বছরের ১০ জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যেসব ট্যানারি হাজারীবাগ ছাড়বে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
আর কোনোভাবে ট্যানারি সরাতে না পেরে ৩১ মার্চের পর হাজারীবাগে কাঁচা চামড়া ঢোকার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল। এই মেয়াদ পেরিয়ে গেলেও দশ কারাখানা মালিক পদক্ষেপ নেয়নি। এ কারণে হাই কোর্ট তাদের প্রতি অবমাননার অবমাননার রুল দিয়েছিল। এবার তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।”
