বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময়: আন্তঃযোগাযোগে ‘নতুন সূচনা’
ত্রিপুরা থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হলো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ; একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারত পেল ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ। দুই দেশের প্রধানমন্ত্রী এ ঘটনাকে অভিহিত করলেন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় গ্রিড এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি থেকে মোদী এবং ঢাকা থেকে শেখ হাসিনা বোতাম চেপে বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময়ের উদ্বোধন করেন।
এর আগে ভিডিও কনফারেন্সের ঢাকা প্রান্তে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ত্রিপুরা থেকে বিদ্যুৎ পাওয়ার মধ্য দিয়ে আমাদের আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ হলো।”
বিদ্যুৎ ও বান্ডউইথ বিনিময়কে একটি ‘মাইলফলক’ অভিহিত করে তিনি বলেন, আমদানি করা বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে সাহায্য করবে। আর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পাওয়ার ফলে ত্রিপুরা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বৃদ্ধি পাবে।
“আমাদের সহযোগিতার পরবর্তী পদক্ষেপ হবে আন্তঃযোগাযোগের সম্প্রসারণ। শুধু বস্তুগত সংযোগই নয়, আমরা দুই দেশের মধ্যে ভার্চুয়াল সংযোগ, মানুষে মানুষে যোগাযোগ, চিন্তা-চেতনার যোগাযোগসহ সকল ধরনের সংযোগ স্থাপন করতে চাই।”
দিল্লির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী এ ঘটনাকে অভিহিত করেন এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে।
“দুনিয়ায় এমন মুহূর্ত কমই আসে যখন দুটি দেশের প্রধানমন্ত্রী ও একজন মুখ্যমন্ত্রী মিলে আধুনিক বিজ্ঞানের সাহায্যে কোনো কিছুর উদ্বোধন করলেন। এ দিক থেকে এটি খুবই মহত্বপূর্ণ দিন।”
শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তখনকার ভারত সরকার ও জনগণের সহযোগিতার কথা স্মরণ করে অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অন্যদিকে মোদী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজির সঙ্গে ভারতের সম্পর্ক অটুট ছিলো।... আজও আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলছি। আমরা দুই দেশ মিলে বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করছি।”
দুই দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে ভারত আরও বিদ্যুৎ দেবে; আর বাংলাদেশ দেবে আরও ব্যান্ডউইথ।
মোদী ও হাসিনার আগে আগরতলা থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি বলেন, “গিভ অ্যান্ড টেক পলিসিতে দুই দেশের উন্নয়ন জনগণের জন্য অবদান রাখবে।”
অনুষ্ঠানের সূচনা হয় দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের স্বাগত বক্তব্য দিয়ে। তিনি বলেন, “আজকের দিনটি ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির দিন।”
ভারত থেকে বিদ্যুৎ এবং বাংলাদেশ থেকে ইন্টারনেট যাওয়ায় দুই দেশের নাগরিকদের দৈনন্দিন জীবন আরেকটু সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
দুই দেশের সম্পর্ক এখন ‘সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’ বলেও মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী।
পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাদমুদ আলী বলেন, “আজ আমরা বিশ্বকে দেখাতে পারছি যে, প্রতিবেশীরা এক সাথে কাজ করে নাগরিকদের চাহিদা পূরণ করতে পারে।”
এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ৪০০ কিলো ভোল্ট লাইনের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়।
ত্রিপুরার পালটানা বিদ্যুৎকেন্দ্র থেকে কুমিল্লার আন্তঃদেশীয় গ্রিড হয়ে ওই লাইন দিয়েই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে।
এই আমদানিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে প্রায় সাড়ে ছয় টাকা। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে।
ত্রিপুরা থেকে ১৬ মার্চ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ এলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু হলো।
বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানির জন্য আখাউড়া-আগরতলা সীমান্তে ইতোমধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপিত হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মাধ্যমে প্রাথমিকভাবে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে ভারত ত্রিপুরা। বাস্তবায়নাধীন এসইএ-এমই-ডাব্লিউই-৫ কেবলেও ভারতে দেওয়ার মতো পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকবে।
দুটি লেইনের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়া হচ্ছে। প্রথম লাইনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হয়ে আগরতলায় যাবে। দ্বিতীয় লাইনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হয়ে আগরতলা যাবে।
গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ভারত সঞ্জার নিগম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে ব্যান্ডউইথ রপ্তানির এই চুক্তি করে বিএসসিসিএল। এরপর গত ডিসেম্বরে পরীক্ষামূলক ট্রান্সমিশন শুরু হয়।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
ত্রিপুরার প্রয়োজন হলে ব্যান্ডউইথ আরও বাড়ানো হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদের আরো বেশি প্রয়োজন হলে আমরা দিতে পারব।”
পালটানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ সরকারের সহায়তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মানিক সরকার বলেন, “আপনি সাহায্য না করলে এই বিদ্যুৎ প্রজেক্টটাই হতো না।”
বাংলাদেশের আরও বিদ্যুৎ প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ‘তাও দেওয়া সম্ভব’ বলে মানিক সরকার জানান।
ত্রিপুরায় ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ উদ্যানের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এর উদ্বোধনে আপনাকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাব।”
মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরা সরকারের সহযোগিতার কথাও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “এই বিদ্যুৎ পুরোটাই কুমিল্লার জন্য। বেশি করে রসমালাই বানাবেন।”
কুমিল্লাবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান।
ভিডিও কনফারেন্সে গণভবনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম; মশিউর রহমান; তৌফিক-ই-ইলাহী ও গওহর রিজভী; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম; বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু; তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
