দৃষ্টি এখন ভারত-বাংলাদেশের আন্তঃযোগাযোগে: প্রধানমন্ত্রী
ভারত থেকে বিদ্যুৎ আমদানি আর সেখানে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এখন দুই দেশের আন্তঃযোগাযোগের সম্প্রসারণই হবে সহযোগিতার প্রধান ক্ষেত্র।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় গ্রিড এবং ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ এবং বান্ডউইথ বিনিময়ের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আজ আরেকটি মাইলফলক স্থাপিত হলো।
“এ অঞ্চলে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমি নিশ্চিত আমাদের জনগণের বৃহৎ কল্যাণ সাধনের মাধ্যমে এ ধরনের আরও অনেক আনন্দঘন মুহূর্ত অপেক্ষা করছে।”
“আমাদের সহযোগিতার পরবর্তী পদক্ষেপ হবে আন্তঃযোগাযোগের সম্প্রসারণ।”
ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দিল্লি থেকে এবং ত্রিপুরা থেকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, “আমরা চাই দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে। দারিদ্র্যমুক্ত সমাজ আমরা একা করতে পারি না। আমোদের যৌথ উদ্যোগ দরকার।
“আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান।”
বক্তব্যের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং সেদেশের জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
“মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মধ্যে যে বন্ধুত্বের সূচনা হয়েছে, সময়ের পরিক্রমায় তা আরও সম্প্রসারিত এবং সুদৃঢ় হয়েছে।”
ত্রিপুরা থেকে বিদ্যুৎ পাওয়ার মধ্য দিয়ে দুই দেশের আরেকটি ‘রাজনৈতিক প্রতিশ্রুতি’ পূরণ হলো বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এজন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ পাওয়ায় ত্রিপুরা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বৃদ্ধি পাবে এবং সেখানকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও বন্ধন দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বাংলাদেশে ইতোমধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য সাবস্টেশন স্থাপনের কাজ চলছে। ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজও এগিয়ে চলেছে।
শেখ হাসিনা বলেন,“শুধু বস্তুগত সংযোগই নয়,আমরা দুই দেশের মধ্যে ভার্চুয়াল সংযোগ,মানুষে মানুষে যোগাযোগ,চিন্তা-চেতনার যোগাযোগসহ সকল ধরনের সংযোগ স্থাপন করতে চাই।”
ব্যান্ডউইথ ভাগাভাগি,ঊপকূলীয় জাহাজ চলাচল,পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের মতো নতুন নতুন যোগাযোগ দুই দেশের সামগ্রিক সংযুক্ত হওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “ভারত থেকে ডিজেলের প্রথম চালান ট্রেনে করে পার্বতীপুর পৌঁছেছে। আমাদের একটি উপকূলীয় জাহাজ প্রথমবারের মতো ভারতীয় বন্দরের উদ্দেশে যাত্রা করেছে। গত কয়েকদিনের ব্যবধানেই এগুলো সম্পন্ন হয়েছে।
“আমি বিশ্বাস করি আঞ্চলিক সংযোগ আমাদের আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে।”
যৌথ উন্নয়ন ও বিনিয়োগের জন্য ভুটান ও নেপালে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান শেখ হাসিনা।
