তানভীর জোহাকে নিয়ে আসকের উদ্বেগ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোচনায় উঠে আসা তানভীর হোসেন জোহার ‘অপহরণে’ উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র(আসক)।
আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান স্বাক্ষরিত এক বিবৃতিতে রোববার মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে তানভীরের সন্ধানে উদ্যোগী হতে সরকারকে আহ্বান জানানো হয়।
“আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করা তাদের সাংবিধানিক দায়িত্ব। আমরা তানভীর হোসেন জোহার সন্ধানে সরকার বা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সর্বোচ্চ চেষ্টা চালানো ও এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জোর দাবি জানাই।”
গত ১৬ মার্চ নিখোঁজ হন তানভীর জোহা। তাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে সঙ্গে থাকা এক বন্ধু জানিয়েছেন।
নিখোঁজ হওয়ার পর পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষার কোনো বাহিনী থেকে সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তানভীরের পরিবারের।
