সরানো হল তিতাস এমডিকে
গ্যাসের আগুনে দুর্ঘটনার পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
রোববার পেট্রোবাংলা থেকে তাকে সরানোর আদেশ দিয়ে ওই পদে সংস্থার জিএম (ভিজিলেন্স) প্রকৌশলী মীর মশিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
মীর মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর আমাকে দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। আগামীকাল (সোমবার) কর্মস্থলে গেলে হয়ত দায়িত্ব নিতে হবে।”
নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমডি পদ থেকে নওশাদকে অব্যাহতি দিয়ে একটি চিঠি গেছে।
.
লাইন ছিদ্র হয়ে বেরিয়ে আসা গ্যাসের আগুনে রাজধানীর বনানীতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তিন দিনের মাথায় পেট্রোবাংলার এই পদক্ষেপ এল।
গত বৃহস্পতিবার রাতে বনানী ২৩ নম্বর সড়কের ছয়তলা ওই ভবনে আগুন লাগার জন্য তিতাসের লাইনের লিকেজকে দায়ী করেছেন ভবন মালিক। ভবনটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে, আগুনে আহত হয়েছেন অন্তত সাতজন বাসিন্দা।
