সেনানিবাস স্থাপনের সময় পরিবেশ রক্ষার তাগিদ রাষ্ট্রপতির
কিশোরগঞ্জের মিঠামইনে সেনানিবাস স্থাপনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই সঙ্গে হাওর এলাকার জীববৈচিত্র রক্ষা ও নদী শাসনে পদক্ষেপ নিতেও নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মস্থান মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাস নির্মাণের পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে অবহিত করা হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতিকে এসময় জানানো হয়েছে, ওই সেনানিবাসটি এক হাজার ৪৪ একর ভূমির ওপর স্থাপন করা হবে। ভূমি অধিগ্রহণের কাজ চলছে, আগামী অক্টোবর মাসে এ কাজ শেষ হবে।”
প্রেস সচিব জানান, এসময় সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সেনানিবাস স্থাপনের পর সেনাবাহিনীর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এসময় উপস্থিত ছিলেন।
