২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেলা নদীতে নৌ চলাচল বন্ধে ফের তাগিদ সংসদীয় কমিটির

কয়লাবাহী কার্গোডুবির পরিপ্রেক্ষিতে সুন্দরবনের শেলা নদীতে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

শনিবার ওই নদীতে কার্গোডুবির পর পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আবার এ সুপারিশ করল।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর শেলা নদীতে ট্যাংকার ডুবে নদী-খালে তেল ছড়িয়ে পড়ার পর সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করেছিল সংসদীয় কমিটি।

ওই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘষিয়াখালী নৌচ্যানেল দ্রুত খনন করে নৌযান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছিলেন।

এই চ্যানেলের অধীনে অবৈধ দখলে থাকা সব চিংড়ি ঘের অপসারণেরও নির্দেশ দেন তিনি।

সেসময় সংসদীয় কমিটিও ঘষিয়াখালী চ্যানেল দ্রুত চালুর সুপারিশ করেছিল।

শনিবার রাতে ১ হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে শেলা নদীর তাম্বুল বুনিয়া এলাকায় ডুবে যায় এম ভি সি হর্স নামে লাইটারেজ জাহাজ।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, “কমিটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত কথা বলে ওই নৌ রুট বন্ধ করার তাগিদ দিয়েছে।

“মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, ঘষিয়াখালী চ্যানেলে ১২ ফুট ড্রাফটের বেশি জাহাজ চলতে পারে না। এজন্য সবাই ঘষিয়াখালী চ্যানেল দিয়ে ঢুকতে যায়। পণ্যবাহী কার্গোগুলিকে কম পণ্য নিয়ে ১২ ফুটের মধ্যে রেখে চলাচল করানোর ব্যবস্থা নিতে বলেছে কমিটি।” 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব পদে নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব হয়েছে কিনা এবং বন বিভাগ, বন গবেষণা ইনস্টিটিউটে ( তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগে অনিয়ম হয়েছে কিনা তা যাচাইয়ে উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য টিপু সুলতানকে আহবায়ক এবং মো. ইয়াহ্ইয়া চৌধুরী ও মেরিনা রহমানকে সদস্য করে ওই উপ-কমিটি গঠন করা হয়।

এছাড়া গাজীপুরের বন বিভাগের জমি অবৈধভাবে দখলে রাখা প্রভাবশালী শিল্প মালিক, রিসোর্ট মালিক এবং দেশের বিভিন্ন স্থানে পাহাড়কাটা রোধে জরিমানা আদায়ের পাশাপাশি মামলা করার পরামর্শ দেওয়া হয়।

হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশ নেন।

পুরনো খবর:

সুন্দরবনে নৌ চলাচল বন্ধ চায় সংসদীয় কমিটি