২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠনের বিরুদ্ধে তারেক সাঈদের আবেদনে আদেশ মঙ্গলবার

সাত খুনের ঘটনায় করা একটি মামলায় সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল হবে কি না- তা জানা যাবে মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

তারেক সাঈদের আবেদনের ওপর শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ রোববার আদেশের এই দিন ঠিক করে দেয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে চলতি বছর ৮ ফেব্রুয়ারি দুই মামলার বিচার শুরু করে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে।

বিউটির করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ২৪ ফেব্রুয়ারি হাই কোর্টে এই আবেদন করেন তারেক সাঈদ, যা রোববার আদালতে শুনানির জন্য ওঠে।

তারেক সাঈদের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

শুনানিতে গোলাম কিবরিয়া বলেন, “একই ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলার চার্জশিটের ভাষা ও শব্দচয়ন একই। একটি ঘটনায় একটি মামলা হতে পারে, একাধিক নয়।”

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান বলেন, “তারেক সাঈদ মামলা থেকে অব্যাহতির দরখাস্ত দিলে নিম্ন আদালতে তা খারিজ হয়। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এ পর্যায়ে মামলা বাতিল হতে পারে না, মামলা চলতে বাধা নেই।”

গোলাম কিবরিয়া পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি শেষ হয়েছে। আদালত মঙ্গলবার  আদেশের জন্য দিন রেখেছে।”  

আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলাও বাতিল চেয়েছিলের তারেক সাঈদ। তার ওই আবেদন গত ১৫ মার্চ হাই কোর্ট খারিজ করে দেয়।

পুরনো খবর:

সাত খুন: তারেক সাঈদের বিরুদ্ধে দুই মামলাই চলবে