বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ শুরু এপ্রিলে
অনলাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ও এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহার চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী এপ্রিল মাসেই নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এতোদিন দেশের ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেবে সরকার।
নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগে সব কাজ শেষ পর্যায়ে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “উপযুক্ত, দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
“অনলাইনে শিক্ষক নিয়োগ দিলে স্বচ্ছতা থাকে, ত্রুটি থাকার সুযোগ নেই। যোগ্য প্রার্থী বাছাই করে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।”
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নতুন নিয়ম করে গত ৩০ ডিসেম্বর পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পরিপত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাদিহাপত্র উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবে।
এনটিআরসিএ প্রতি বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক জাতীয়, বিভাগ, জেলা, উপজেলা এবং উপজেলাওয়ারী মেধাক্রম করে ফল ঘোষণা করবে।
এরপর শিক্ষকদের পছন্দ অনুযায়ী এনটিআরসিএ মেধাক্রম ধরে উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগের প্রার্থী তালিকা করবে। উপজেলায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জেলার তালিকা এবং তাতেও প্রার্থী না মিললে বিভাগীয় তালিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে যারা এনটিআরসিএ পরীক্ষায় পাস করেছেন তাদের মেধাক্রম প্রকাশ করেছে সরকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, পাবলিক পরীক্ষার ফল প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে টেলিটক আগে থেকেই জড়িত।
টেলিটকে গ্রাহক বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এখন আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চাই। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটকের পাশে দাঁড়ালে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।”
শিক্ষা সচিব সোহরাব হোসাইন ছাড়াও এনটিআরসিএ, শিক্ষা মন্ত্রণালয় এবং টেলিটকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
