থানা থেকে ফিরে গেলেন তানভীর জোহার পরিবার
রিজার্ভের অর্থ চুরির তদন্তের মধ্যে আলোচনায় উঠে এসে ‘নিখোঁজ’ হওয়া তানভীর হাসান জোহার পরিবার এখনও অভিযোগ দায়ের করেনি থানায়।
শনিবার পরিবারের সদস্যরা থানায় গেলেও জিডি করেননি বলে জানিয়েছেন ভাষানটেক থানার ওসি মো. নজরুল ইসলাম।
সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তানভীরের পরিবারের কয়েকজন সদস্য বিকাল পৌনে ৫টায় জিডি করতে থানায় এসেছিলেন। কিন্তু হঠাৎ করে তাদের কাছে একটা ফোন আসে। এরপর তারা জিডি না করে চলে যান।
এর আগে শুক্রবার তানভীরের চাচা বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক মাহবুবুল আলম শনিবার জিডি করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
শনিবার দুপুরেও যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা জিডির খসড়া তৈরি করছেন। বিকালে ভাষানটেক থানায় জিডি করবেন।
তবে সন্ধ্যার পর একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি, তিনি ফোন ধরেননি। এসএমএস পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।
বুধবার মধ্যরাত থেকে তানভীরের খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিখোঁজ হওয়ার পর কলাবাগান, কাফরুল, ক্যান্টনমেন্ট থানায় গিয়েও তারা কোনো প্রতিকার পাননি।
বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী ডা. কামরুন নাহার।
ইয়ামিন নামে তানভীরের এক বন্ধু জানিয়েছেন, তাকেসহ তানভীরকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়েছিল। পরে তাকে ছেড়ে দিলেও তানভীরকে নিয়ে চলে যায়।
