২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ অর্জন অনুপ্রেরণা যোগাবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম প্রকাশিত ইয়ং গ্লোবাল লিডারদের তালিকায় স্থান পাওয়ায় আরও দায়িত্বশীল হয়ে দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 02:38 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

ইয়ং গ্লোবাল লিডারদের তালিকায় প্রতিমন্ত্রী পলক

শুক্রবার বেসিস অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি সংগঠন ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “চলনবিলের প্রত্যন্ত অঞ্চল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার উপর আস্থা রেখে তরুণ বয়সে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

“এই দায়িত্ব পাওয়ার পর তখনই চিন্তা করেছি, এমন কিছু যেন করে যেতে পারি, যাতে ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আরও বড় বড় দায়িত্ব দিতে শীর্ষ নেতৃবৃন্দ আস্থা পায়।”

সুইজারল্যান্ড ভিত্তিক ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ গত বুধবার ২০১৬ সালের জন্য তাদের মনোনীত ইয়ং গ্লোবাল লিডারদের এই তালিকা প্রকাশ করে।

প্রতি বছর বিশ্বে যারা নিজ নিজ কর্মক্ষেত্রে আলো ছড়াচ্ছেন, তাদের মধ্যে ৪০ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেয় ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম।

সংস্থাটি বলেছে,  নেতৃত্ব গুণে পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে জুনাইদ আহমেদ পলককে তারা এ সম্মাননার জন্য মনোনীত করেছে।

এর ফলে প্রতিমন্ত্রী পলক আগামী পাঁচ বছর ফোরামের সব সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে পারবেন। ফোরাম মনোনীত ব্যক্তিদের বিভিন্ন উদ্যোগেও অংশ নিতে পারবেন।

‘ইয়ং গ্লোবাল লিডার ২০১৬’ মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পলক বলেন, “তাদের নির্দেশনায় পরিচালিত রূপকল্প-২০২১ বাস্তবায়নকে ইয়ং গ্লোবাল লিডারশিপের প্ল্যাটফর্ম আরও বড় পরিসরে নিয়ে যেতে সহযোগিতা করবে। 

“তথ্য প্রযুক্তির সহায়তায় একটি উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখতে এবং এই প্ল্যাটফর্মের বিশাল সুযোগ কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রগ্রামী ভূমিকা পালন করতে চাই আমি।”

যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ‘ইয়ং গ্লোবাল লিডার ২০১৬’ মনোনয়ন দেওয়া হয়েছে, সেসবের পেছনে তথ্যপ্রযুক্তি সংগঠন ও সহযোগী সংগঠনগুলোরও অবদান রয়েছে মন্তব্য করে পলক বলেন, “এই অর্জনকে ব্যক্তিগত অর্জন হিসেবে না নিয়ে আমি বলব- তাদেরও সমান কৃতিত্ব রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না।” 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব নজরুল ইসলাম মিলন, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বাক্য সভাপতি আহমদুল হক ববি, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বিডাব্লিউআইটি সহ-সভাপতি সোনিয়া বশির কবির ও তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।