২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ং গ্লোবাল লিডারদের তালিকায় প্রতিমন্ত্রী পলক

সুইটজার ল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ প্রকাশিত ইয়ং গ্লোবাল লিডারদের তালিকায় স্থান পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 11:35 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকালে সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব নেতাদের নাম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে আরও ১২ জনের সঙ্গে বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিভাগের এই প্রতিমন্ত্রীকে ‘ইয়ং গ্লোবাল লিডার ২০১৬’ নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলককে নির্বাচনের ক্ষেত্রে ফোরাম উল্লেখ করে, তার নেতৃত্ব গুণে পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করা হল।

সুইজারল্যান্ড ভিত্তিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে আলো ছড়ানো ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের এই সম্মাননা দিয়ে থাকে।

এই মনোনয়নের ফলে জুনাইদ আহমেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সব সম্মেলন ও কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং ফোরাম মনোনীত ব্যক্তির অন্যান্য উদ্যোগে সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জার্মানির হ্যানোভারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিমন্ত্রী পলক মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, “ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই স্বীকৃতিতে আমি সম্মানিত। এর মাধ্যমে বৈচিত্রপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের সাথে আরো বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো।

“আমাদের প্রযুক্তি-সেবী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এবং বিশিষ্ট প্রযুক্তি-ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় পরিচালিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে গ্লোবাল ইয়ং লিডারশিপ প্ল্যাটফর্ম আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে সহযোগিতা করবে।”

বাংলাদেশের সব মানুষকে এই মনোনয়ন উৎসর্গ করার কথা জানিয়ে পলক বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মানুষদের সবচেয়ে বেশী ভালোবাসত, বাংলাদেশের সেই সকল মানুষকে আমি এই মনোনয়ন উৎসর্গ করছি।”

Image
জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

জুনাইদ আহমেদ পলক মাত্র ২৮ বছর বয়সে ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে তিনি পুনরায় সংসদ সদস্য  নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ ডিসেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বর্তমান মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে কাজ শুরু করেন।

এর আগে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে মর্যাদাপূর্ণ ইয়ং গ্লোবাল লিডার মনোনয়ন পান।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, ই-কমার্স সাইট আলী বাবার প্রতিষ্ঠা তাজ্যাকমা এবং খ্যাতিমান অভিনেতা লিউনার্দো ডি ক্যাপ্রিউ’র মতো প্রখ্যাত ব্যক্তিরাও বিভিন্ন সময় ‘গ্লোবাল ইয়ং লিডার’ মনোনয়ন পেয়েছিলেন।