২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের ভূমিকা আবশ্যক: রাষ্ট্রপতি

বিচার বিভাগে এবং মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের ভূমিকা আবশ্যক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতারা বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আইনজীবী সমিতির সভাপতি মো. সাইদুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার প্রার্থীদের জন্য সুষ্ঠু বিচার নিশ্চিতে আইনজীবীদের সহযোগিতা আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ২৭টির মধ্যে ২১টি পদে জয়ী হয়।

প্রেস সচিব জানান, সাইদুর রহমান আইনজীবী সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় তিনি আইনজীবীদের জন্য আবাসিক কমপ্লেক্স নির্মাণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

জ্যেষ্ঠ আইনজীবী ও সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং সাহারা খাতুন, আব্দুল বাসেত মজুমদার, সমিতির সহ-জ্যেষ্ঠ সভাপতি আফরোজা বেগম, সাধারণ সম্পাদক মো. আইয়ুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।