টাঙ্গাইল উপ-নির্বাচন ফের আটকে গেল
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে আপিলের অনুমতি দিয়ে টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচন আবারও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান জানান, আদালত কাদের সিদ্দিকীর ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ৩ মে আপিল শুনানির দিন ঠিক করে দিয়েছে।
“ওই সময় পর্যন্ত টাঙ্গাইলের নির্বাচন স্থগিত থাকবে বলে আদালত জানিয়েছে।”
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর করা রিট আবেদন হাই কোর্ট খারিজ করে দেওয়ায় ২০ মার্চ টাঙ্গাইল-৪ উপ নির্বাচনের নতুন তারিখ ঠিক করে দিয়েছিল নির্বাচন কমিশন।
প্রথমবার ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১০ নভেম্বর। কিন্তু বিষয়টি উচ্চ আদালতে গড়ানোয় গত ২ নভেম্বর উপ নির্বাচন স্থগিত হয়ে যায়।
গত ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল শুনানি শেষে কাদের সিদ্দিকীর আবেদন খারিজ করে দিলে নির্বাচনের স্থগিতাদেশ উঠে যায়। কিন্তু হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকী আপিল বিভাগে যাওয়ায় ভোট আবারও আটকে গেল।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর টাঙ্গাইলের এমপি লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করেন।
এরপর গতবছর ১০ নভেম্বর ইসি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে কাদের সিদ্দিকীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গতবছর ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের ও নাসরিন। কিন্তু কমিশনের শুনানিতে তাদের আবেদন টেকেনি।
এরপর এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, তাকে ‘ঋণ খেলাপি’ বানাতে অগ্রণী ব্যাংক ‘ছলনার’ আশ্রয় নিয়েছে। তিনি এর বিরুদ্ধে আদালতে যাবেন।
প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত পরদিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেয়।
হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীর সঙ্গে কাদের সিদ্দিকীকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তার মনোনয়নপত্র নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন করে নির্বাচন কমিশন।
পরদিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন এবং ওই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে বলেন।
এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর নির্বাচন কমিশনের আবেদনটি আপিল বেঞ্চে ওঠে। শুনানি শেষে আদালত ৩১ জানুয়ারির মধ্যে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশনা দিয়ে ওই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখে।
ওই রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ গত ৪ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, কাদের সিদ্দিকী যে রিট আবেদন করেছেন, হাই কোর্টে তা গ্রহণযোগ্য নয়।
এরপর গত ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। অবশ্য এর আগেই হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং আপিলের অনুমতি চেয়ে কাদের সিদ্দিকী আপিল বিভাগে আবেদন করেন।
আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান; অগ্রণী ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার ওই আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ কাদের সিদ্দিকীর আবেদন মঞ্জুর করে শুনানির দিন ঠিক করে দেয়।
এ সম্পর্কিত খবর-
