রিজার্ভ চুরির তদন্ত: তানভীর জোহাকে আইসিটি বিভাগ ‘চেনে না’
যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত বাংলাদেশের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গণমাধ্যমে ‘বিশেষজ্ঞ’ অভিমত দেওয়া তানভীর হাসান জোহা নামে কারো সঙ্গে সংশ্লিষ্টতার কথা নাকচ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর (অপারেশন) হিসেবেও তিনি কর্মরত নন।
ফিলিপিন্সের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
তদন্তে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাংকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়।
শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও ২০ মিলিয়ন ডলার সরানো হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক শুরুতেই বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন করে যাওয়ায় প্রায় এক মাস পর্যন্ত তা সবার অগোচরে ছিল। গণমাধ্যমে খবর এলে তা নিয়ে জন্ম নেয় নানা আলোচনা, সমালোচনা।
ঘটনা ‘ফাঁস’ হওয়ার পর গণমাধ্যমে বিশেষজ্ঞ মত দেন জোহা।
কয়েকটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তিনি এ বিষয়ে নিজের মত তুলে ধরে বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকড করার পর সুইফট কোড ব্যবহার করে অর্থ স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পেমেন্ট অর্ডার দেওয়া হয়েছিল।
এসব প্রতিবেদনে জোহার পরিচয় দেওয়া হয়েছে আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর (অপারেশন) হিসেবে।
আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, ঘটনার পরবর্তী প্রকাশিত ও প্রচারিত কিছু সংবাদে তানভীর জোহা বা তানভীর হাসান জোহা নামে এক ব্যক্তিকে আইসিটি বিভাগের কর্মকর্তা বলে অভিহিত করা হয়েছে।
“প্রকৃতপক্ষে এই অর্থ-পাচার বা হ্যাকিং-এর ঘটনা অনুসন্ধানে আইসিটি বিভাগ কোনো তদন্ত কমিটি গঠন করেনি।”
কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ও আইসিটি বিভাগ কোনো অনুসন্ধান কার্যক্রমে জড়িত নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, তানভীর হাসান জোহা নামে কারো সঙ্গে আইসিটি বিভাগের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্ট বা সাইবার নিরাপত্তা বিভাগের ডাইরেক্টর (অপারেশন) হিসেবেও কর্মরত নন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ লোপাটের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে ছায়া তদন্তকারী হিসেবে কাজ করছি।
“তবে আগে আইসিটির সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্টের সঙ্গে যুক্ত ছিলাম। এখন নেই।”
পুরো বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলেও মন্তব্য করেন তিনি।
