ঢাকায় ময়মনসিংহ জেলা জেএমবির আমির গ্রেপ্তার
রাজধানীর ডেমরার মাতুয়াইল থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
রোববার সন্ধ্যার পর গ্রেপ্তার এই পাঁচজনের মধ্যে হোজাইফা আকন্দ ওরফে সাহিন নামে ময়মনসিংহ জেলা জেএমবির আমির রয়েছেন বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদে র্যাবের একটি দল মাতুয়াইলের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছয়তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
সেখান থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস, বিস্ফোরক ও বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন- মোহাম্মদ ইয়াসিন আলি সফিক, মাহমুদুর রশিদ মামুন, আবুল হাসেম ওরফে হাসেম সওদাগর এবং সফিউল ইসলাম।
র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ বলেন, তারা সেখানে বাসা ভাড়া নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিলেন।
