২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব

ঢাকা-চট্টগ্রামসহ বড় শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিকল্পনা তৈরিতে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কর্মশালা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের সভাকক্ষে জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি করপোরেশনসহ আরও কয়েকটি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। 

কর্মশালায় পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ, আবর্জনা থেকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও সার উৎপাদনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন আলোচকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বর্জ্যের ভোগান্তি থেকে মানুষকে দ্রুত নিষ্কৃতি দেওয়া বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হওয়া উচিত।

“ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কৃষির উপকার করার মতো আত্মপ্রসাদ আমার নেই। শহরের বর্জ্য থেকে সার উৎপাদন করতে হবে, সেই আশা আমি করি না। ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হতে হবে তাও নয়। বরং বর্জ্য সমস্যার সমাধানের জন্য এগুলোকে দ্রুত জ্বালিয়ে ফেলার ব্যবস্থা করাই ভালো। তাইলে এককাজ করতে গিয়ে আরেককাজ বাধাগ্রস্ত হবে না।”

কঠিন বর্জ্য ও পঁচনশীল বর্জ্যের জন্য পৃথক ব্যবস্থাপনার বিষয়েও অভিমত দেন কৃষিমন্ত্রী। 

অনুষ্ঠানে উপস্থিত ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রও একই কথা বলেন।

উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, “প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে রাস্তার উপরের আবর্জনা সরানো। আলোচনা থেকে অনেক প্রস্তাব এসেছে। কিন্তু আমার কাছে দ্রুততার সঙ্গে কাজ করার স্বার্থে ‘ম্যাসবার্ন’ ধারনাটি বেশি গ্রহণযোগ্য।”

বর্জ্যকে একটি প্ল্যান্টের মধ্যে উচ্চ তাপমাত্রায় ভস্ম করাই ‘ম্যাসবার্ন’।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, “বাবা মেয়র থাকার সুবাদে ২২ বছর ধরে সিটি করপোরেশনের কাজগুলো দেখছি। এখন নিজেও মেয়রের দায়িত্বপালন করছি। আলোচনা অনেক হয়েছে। এবার কিছু একটা হোক।”

কর্মশালায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রাকিব উদ্দিন, উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন বিপন কুমার সাহা, বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক মো. ইফতেখার এনায়েতুল্লাহ।

কর্মশালায় পৌর বর্জ্য থেকে শক্তি: সমস্যা ও সম্ভাবনা শিরোনামের প্রবন্ধ উপস্থান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ইজাজ হোসেন।

পরে সমাপনী বক্তব্যে মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, দুই মেয়র, কৃষিমন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।