এটিএম জালিয়াতি: আরও ৭ জন শনাক্ত, খুঁজছে পুলিশ
এটিএম বুথ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সাত জনকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ও দায়িত্বশীল পদে থাকা একাধিক ব্যক্তি রয়েছেন।
মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের এ তথ্য জানয়েছেন।
পুলিশের গণমাধ্যম কার্যালয়ে ওই অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন কয়েকদিন আগে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা।
তিনি বলেন, “৬/৭ জনের সম্পৃক্ততা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি। এদের কয়েকজন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ও দায়িত্বশীল পদে রয়েছেন। কিছু ক্ষেত্রে ইন্ডিভিজিুয়াল ব্যক্তি পর্যায়ের লোকজন রয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে তিন জন বিদেশি নাগরিক।”
অবশ্য এটিএম বুথের ঘটনায় মামলা হওয়ার আগেই ওই বিদেশিরা দেশ ছেড়েছেন বলে জানান মনির।
“তাদের ছবি, আসা-যাওয়ার তথ্য পাওয়া গিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তাদের বর্তমান লোকেশন শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”
প্রবাসী বাংলাদেশির নামও এসেছে জানিয়ে তিনি বলেন, তাদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।
সম্প্রতি বাংলাদেশের তিনটি ব্যাংকের এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে ‘ক্লোন’ এটিএম কার্ড তৈরির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি জালিয়াত চক্র।
এরই মধ্যে ইউসিবি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংকের ছয়টি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে তথ্য চুরির প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
“এছাড়াও ওই ঘটনায় জড়িত থাকতে পারে এমন ২২/২৩টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। দালিলিক তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিদেশি নাগরিক পিওতর তার জবানবন্দিতে ওই ঘটনায় গুলশান থানা পুলিশের কয়েক সদস্যের নামও বলেছিলে; যাদের একজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে- এমন তথ্য দিয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, “পিওতরের জবানবন্দি হাতে এলে সেখানে কোন পুলিশ সদস্যের নাম থাকুক বা অন্য যেকোনো পেশার লোকের নাম থাকুক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।”
গত ২২ ফেব্রুয়ারি এটিএম বুথে জালিয়াতির ঘটনায় সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে পিওতরকে গ্রেপ্তার করে পুলিশ। একই তিন গ্রেপ্তার করা হয় আরও তিন ব্যাংককর্মী।
