২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের ‘মানসিক জটিলতা’ ছাড়া কিছুই পায়নি পুলিশ

রামপুরার বনশ্রীতে ‘মায়ের হাতে’ দুই সন্তান হত্যার ঘটনার তদন্তে নেমে ওই নারীর ‘মনস্তাত্ত্বিক জটিলতা’ ছাড়া আর কোনো ‘ক্লু’ বের করতে পারেনি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 08:20 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রোববার এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, “মানসিক জটিলতায় পড়ে ওই মহিলা তার সন্তানদের হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্য কোনো কারণ তদন্তে আসেনি।”

পোশাক ব্যবসায়ীর স্ত্রী মাহফুজা মালেক জেসমিন প্রাথমিক জিজ্ঞাসাবদে নিজেই দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে এর আগে র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। 

রোববার ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মনিরুল বলেন, “ওই নারী আদালতে জবানবন্দি দিতে চেয়েছেন। সে কারণে তাকে রোববার আদালতে নেওয়া হয়। তার দেওয়া জবানবন্দি মামলার একটি এভিডেন্স; তবে একমাত্র এভিডেন্স না।”

এ কারণে পুলিশ মামলার তদন্ত অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, “তাকে নিয়ে একাধিক সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলোচনা হয়েছে। এসন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।”

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এক নারীর ঘটনা তুলে ধরে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “আমেরিকায় এক নারী তার পাঁচ সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর প্রথমে পুলিশে খবর দেন, তারপর স্বামীকে খবর দেন। এরপর হত্যার বিষয়টি স্বীকার করেন।

“ঘটনার কারণ হিসেবে তিনি বলেছিলেন, তার মনে হয়েছে ভবিষ্যতে শয়তান তাদের মেরে ফেলবে।”

মনিরুল বলেন, বাংলাদেশেও মায়ের হাতে শিশু হত্যার নজির রয়েছে, যদিও সেগুলো অন্য ঘটনা।

গত ২৯ ফেব্রুয়ারি  বিকালে ১৪ বছর বয়সী নুসরাত আমান অরণী ও তার ছয় বছর বয়সী ভাই আলভী আমানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডের নয় নম্বর বাসায় বাবা আমানুল্লাহ ও মা মাহফুজার সঙ্গে থাকত তারা।

বনশ্রীর একটি চায়নিজ রেস্তোরাঁর খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয়েছিল। ময়নাতদন্ত ছাড়াই তারা ঢাকা মেডিকেল থেকে লাশ নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও সাংবাদিকদের জানিয়েছিল র‌্যাব।

ময়নাতদন্তে দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন আর হত্যার আলামত পাওয়া গেলে ঘটনাপ্রবাহ দিক বদলায়।

তাদের দাফন শেষে বাবা-মাকে জামালপুর থেকে ঢাকায় এনে র‌্যাব সদরদপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার এক পর্যায়ে নিজের সন্তানদের শ্বাসরোধে হত্যার কথা মাহফুজা তাদের কাছে স্বীকার করেছেন।

এরপর দুই শিশুর বাবা থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য মধ্যবয়সী ওই নারীকে রিমান্ডে পাঠায় আদালত।     

রামপুরা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের দুই দফা রিমান্ডের পরও মাহফুজার নিজের বক্তব্যে ‘অনড়’ থাকার কথা বলেন এ বাহিনীর কর্মকর্তারা।