ক্রিকেটারদের পাটপণ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার চিন্তা
বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যকে বিশ্বজুড়ে জনপ্রিয় করতে জাতীয় ক্রিকেট দলের শীর্ষ খেলোয়ারদের অ্যাম্বাসেডর নিয়োগ করার কথা ভাবছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে এক বৈঠকের পর কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রেসিডেন্ট সাবের বলেন, “বাংলাদেশকে বিশ্বব্যাপী আমরা নানাভাবে ব্র্যান্ডিং করছি। তার একটা অংশ হিসেবে পাটও থাকা উচিত। আমরা এর জন্য অ্যাম্বাসেডরও অ্যাপয়েন্ট করব।
“দরকার হলে আমরা আমাদের লিডিং ক্রিকেট প্লেয়ারদের এপ্রোচ করতে পারি। যারা এভারেস্ট ক্লাইম্ব করেছে তাদেরকেও বলতে পারি।”
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় খেলোয়াড়সহ সেলিব্রিটিদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করার নজির রয়েছে। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ‘ন্যাশনাল অ্যাম্বাসেডর’ নিয়োগ করেছে ইউএনডিপি।
বৈঠকে পাট ও পাটজাত পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মেলায় আলাদা স্টল রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সাবের হোসেন বলেন, “এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বিভিন্ন ফেয়ারে অংশ নেয়, সেখানে পাটের জন্য আলাদা স্টল নেওয়ার জন্য বলা হয়েছে। প্রয়োজন হলে আমরা সিঙ্গেল কান্ট্রি মেলা করতে পারি।
“শুধুমাত্র বস্ত্র ও পাট নিয়ে আমরা মেলা করতে পারি। পাটের কমার্শিয়াল বেনিফিটটা ম্যাক্সিমাইজ কীভাবে করা যায় সে বিষয়ের জন্য এই কাজগুলো করতে বলা হয়েছে।”
প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটের জন্য আলাদা প্যাভিলিয়ন রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ৬ মার্চ পাটকে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি হিসাবে একসময় দেশে ৮৭টি পাটকল থাকলেও আশির দশক থেকে এগুলো বেসরকারিকরণের নামে ‘নামমাত্র’ মূল্যে বিক্রি করে দেওয়া শুরু হয়। ৬০টির বেশি মিল এভাবে বেসরকারিকরণ করা হয়েছে।
এদিকে সংসদীয় কমিটির বৈঠক সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাট পণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করায় কমিটির পক্ষ থেকে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিটি জেলায় পাটপণ্য প্রদর্শনীর আয়োজন করারও সুপারিশ করা হয়।
এছাড়া ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পাটজাত পণ্য ব্যবহার করে বাংলাদেশের পাটকে বিশ্বের দরবারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়।
আইপিইউ প্রেসিডেন্ট সাবের বলেন, “এই বড় দুটি সম্মেলনের জন্য তৈরি করা ব্যাগ-ফোল্ডারসহ বিভিন্ন জিনিস আমরা পাট দিয়ে তৈরি করতে চাই।”
চলতি বছরের সেপ্টেম্বরে সিপিএর এবং আগামী বছরের মার্চে আইপিইউয়ের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাকে আরো আধুনিক ও গতিশীল করার জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রণয়ন করে তাতে কী পরিমান অর্থ বরাদ্দ দরকার তা আগামী বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করার সুপারিশ করা হয়।
এছাড়া দেশে-বিদেশে পাটজাত পণ্যের বহুমুখী বাজার সম্প্রসারণের জন্য গবেষণা করতে মন্ত্রণালয়ে আলাদা সেল স্থাপন করার সুপারিশ করা হয়।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মুন্নুজান সুফিয়ান, এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা অংশ নেন।
