শিক্ষার্থীদের বাস দিন, সড়কে চাপ কমান: প্রধানমন্ত্রী
স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাসের চাবি হস্তান্তরের সময়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
নিটল-নিলয় গ্রুপের দেওয়া সাতটি বাসের চাবি রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজ’ এবং ‘বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক স্কুল ও কলেজের’ অধ্যক্ষের হাতে তুলে দেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর হাত থেকে চারটি এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বশীরুদ্দীন তিনটি বাসের চাবি গ্রহণ করেন।
পিলখানার এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতের টাটা কোম্পানি নির্মিত ৩৫ আসনের বাস দেওয়া হয়েছে।
চাবি হস্তান্তরের পর প্রধানমন্ত্রী বলেন, “ঢাকায় স্কুল বাস চললে ব্যক্তিগত যানবাহনের ওপর চাপ কমে যাবে।”
এরআগে প্রধানমন্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলাইমানের কাছে একটি ফোর-ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
