২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বন্ধে রিট খারিজ

নিরাপত্তার ‘স্বার্থে’ রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বন্ধের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 12:26 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

১৫ মার্চের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি
ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিরুদ্ধে উকিল নোটিস

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ রোববার শুনানি নিয়ে এ আদেশ দেয়। 

ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গত ৩ মার্চ এই রিট আবেদন করেন। ৮ মার্চ শুনানি নিয়ে আদালত বিষয়টি ১৩ মার্চ আদেশের জন্য রাখে।

ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া নিজেই শুনানি করেন। তার পক্ষে আরও ছিলেন হাসানাত কাইয়ূম ও ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদেশের পর জ্যেতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএমপি রুলস-২০০৬ অনুসারে সন্ত্রাস দমনে ডিএমপি যে কোনো পদক্ষেপ নিতে পারে। এর আলোকে তারা তথ্য সংগ্রহ করছে বলে রিট আবেদনটি আদালত খারিজ করে দিয়েছে।”

আদেশের অনুলিপি পেলে পর‌্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভাড়াটিয়াদের কাছ থেকে নেওয়া তথ্যের অপব্যবহারের শঙ্কা প্রকাশ করে ১ মার্চ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উকিল নোটিস পাঠিয়েছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। নির্ধারিত সময়ে তার জবাব না পেয়ে তিনি হাই কোর্টে আসেন।

তিনি উকিল নোটিস পাঠানোর পর সাংবাদিকদের জিজ্ঞাসায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, তারা যা করছেন তা জননিরাপত্তার ‘স্বার্থে’। 

ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছর নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের এই কাজ শুরু করে মহানগর পুলিশ।

এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধে রিট আবেদনটি করেন জ্যোতির্ময়। তথ্য সংগ্রহের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না- সেই মর্মে রুলও চেয়েছিলেন তিনি।

ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান জানিয়েছেন, সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য ১৫ মার্চের মধ্যে সংগ্রহ করে তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করবেন তারা।