ধর্মঘটে অটোরিকশা চালকরা
জেল-জরিমানা বন্ধ ও দৈনিক জমা কমানোসহ সাত দফা দাবিতে সবুজ অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে রাজধানীতে।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নের ডাকে এই ধর্মঘট শুরু হয়।
সকালে বাড্ডা, যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি এলাকায় কিছু চালক অটোরিকশা নিয়ে রাস্তায় নামলেও ধর্মঘটীদের ধাওয়া খেয়ে তারা গ্যারেজে ফিরতে বাধ্য হন।
ধানমন্ডি ৬ নম্বর থেকে অফিসে আসার পথে কেয়ারি প্লাজার সামনে আক্রান্ত হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ সম্পাদক জিয়াদ রোহানকে বহনকারী একটি অটোরিকশা।
রোহান জানান, একদল লোক এসে ইট দিয়ে অটোরিকশার কাচ ভেঙে দেয় এবং তাকে নামিয়ে দিয়ে গাড়িটি গলির মধ্যে ঢুকিয়ে দেয়।
মহাখালী আসার পথে কারওয়ান বাজার এলাকায় আরও একটি অটোরিকশার একই পরিণতি হতে দেখেন রোহান।
উত্তর বাড্ডার অটোরিকশা চালক শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বের হয়ে শাহজাদপুর ওভারব্রিজের কাছাকাছি যাওয়ার পর কিছু লোক তাকে থামিয়ে দুটো ঘুষি বসিয়ে দেয়।
“আমি বলছি, ভাই আমি তো জানতাম না। পরে বলে কয়ে গ্যারেজে ফিরছি।”
ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন আন্দোলনের পর আমরা এ ধরনের কর্মসূচি দিয়েছি। কথায় কথায় চালকদের জেল-জরিমানা, জমা ৬০০ থেকে বাড়িয়ে ৯০০ করাসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এই ধর্মঘট।”
ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন ৫ মার্চ এই ধর্মঘটের ঘোষণা দিলে সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নও এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
অটোরিকশা চালকদের দাবি
# চালকদের জেল-জরিমানা বন্ধ করা
# কারাবন্দি সব অটোরিকশাচালকের মুক্তি
# সরকার নির্ধারিত ৯০০ টাকা জমার ক্ষেত্রে শ্রমিক-স্বার্থ পুনর্বিবেচনা
# পার্কিংয়ের ব্যবস্থা না করে ‘নো-পার্কিং’ মামলা না করা
# যেসব অটোরিকশার ইকোনমিক লাইফের সীমা বাড়ানো হয়েছে, সেগুলোর জমা ৬০০ টাকা নির্ধারণ।
# শ্রম আইন অনুসারে সব চালকের জন্য নিয়োগপত্র বা পরিচয়পত্রের ব্যবস্থা করা
# নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ
রফিকুল ইসলাম বলেন, “চালকদের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকের জমা ৯০০ টাকা করা হলো। বাস্তবে আদায় করা হয় এক হাজার থেকে ১১ শ’ টাকা । গ্যাসবিলসহ সব মিলিয়ে দেড় হাজার টাকা খরচ করে চালকরা কতা ইনকাম করে? এসব বিষয় আলোচনার মাধ্যমে সুরাহা হওয়া দরকার।”
দাবি আদায়ে দুপুরে যাত্রাবাড়ী থেকে দেড় হাজার চালকের একটি ‘প্রতিবাদী মিছিল’ বের হবে বলে জানান তিনি।
