২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিক আজাদের মৃত্যুতে খালেদার শোক

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী কবি রফিক আজাদের মৃত্যুতে শোক জানিয়েছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 10:41 AM

Updated : 20 Aug 2022, 12:08 PM

এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেছেন, “অসাধারণ কাব্য রচনার জন্য কবি দেশের মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন ও সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।”

মুক্তিযুদ্ধে রফিক আজাদের বীরত্বের কথাও স্মরণ করেন তিনি।

“তিনি (রফিক আজাদ) দেশকে হানাদারমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধে যেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, সেজন্য জাতি তাকে চিরদিন স্মরণ করবে।”

বিএনপি চেয়ারপারসন কবির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কবি রফিক আজাদ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত জানুয়ারিতে ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর তাকে নেওয়া হয় বিএসএমএমইউতে। এই হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।

কবি রফিক আজাদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।