২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুশিল্প উৎসব, শেষ হলো আর্ট ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবসের ‘শিশু শিল্প উৎসব’কে কেন্দ্র করে আয়োজিত চার সপ্তাহের ‘ক্যানভাস আর্ট ক্যাম্প-২০১৬’ শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:53 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

শনিবার ঢাকার পল্লবীতে শেষ হওয়া এই আর্ট ক্যাম্পে শিশুদের তৈরি শতাধিক শিল্পকর্ম শিশু শিল্প উৎসবে প্রদর্শিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই আর্টক্যাম্পের আয়োজকরা।

সেন্টার ফর এডভান্স নারচারিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ (ক্যানভাস) এবং নেসন হাট লিমিটেড নামে দুটি সংস্থা এই আর্ট ক্যাম্পের যৌথ আয়োজক।

আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে চতুর্থবারের মতো হতে যাওয়া চিল্ড্রেন আর্ট ফেস্টের আয়োজকও তারা।

বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া আর্ট ক্যাম্পে চার থেকে নয় বছর বয়সী শিশুদের সংখ্যাই বেশি। শিশুশিল্পীদের মনোজগতের মনন ও ভাবপ্রকাশের বিজ্ঞানকে উসকে দেওয়াই এর উদ্দেশ্য।

পল্লবীর ৩২ নম্বর সড়কে ‘ক্যানভাস’ -এর নিজস্ব ক্যাম্পাসে হওয়া এ ক্যাম্পে শেষ সপ্তাহে রঙ ও চিত্রাঙ্কন বিষয়ে শিশুদের হাতে-কলমে শিখিয়েছেন শিল্পী নওরীন জাহান, মাহিন জয়েস, তাসফিক হোসাইন, তাহিয়া হোসাইন ও চলচ্চিত্র নির্মাতা ফাহিম ফেরদৌস।

এর আগের তিন সপ্তাহে তাদের কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র এবং ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলা বিষয়ে শেখানো হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর মধ্যে কারু ও মৃত্তিকা শিল্প বিষয়ক কর্মশালায় শিশুরা মাটির টেরাকোটা, পুতুল, ফুল ও গিফট কার্ড তৈরি করা শেখে। স্থির ও ছাপচিত্র বিষয়ক প্রশিক্ষণে অর্ধশতাধিক ছাপচিত্র ও ‘অসংখ্য’ স্থিরচিত্র তৈরি করেছে অংশগ্রহণকারী শিশুরা। শিখেছে সেগুলো প্রিন্ট করার কলাকৌশল। এছাড়া ভাস্কর্য ও সমন্বিত শিল্পকলার প্রশিক্ষণে ক্ষুদে শিল্পীদের হাতে নতুন নতুন শিল্পকর্ম তৈরি হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ শীর্ষক শিশু শিল্প উৎসবে উম্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে শিশুদের নাম নিবন্ধন করতে হবে। ‘ক্যানভাস’ - পল্লবী ক্যাম্পাস ছাড়াও উৎসবের ওয়েবসাইট canvasartfest.com- এ নিবন্ধন ফরম পাওয়া যাবে। এটি সংগ্রহ বা জমাদানের জন্য কোনো ফি দিতে হবে না।

শিশুশিল্প উৎসবে কার্টুনিস্ট আহসান হাবীব, আনুশেহ আনাদিল, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, মিডিয়াকর্মী এশা ইউসুফ, নির্মাতা সামির অহমেদ, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

পুরস্কার বিতরণী পর্ব শেষে গান ও জলপুতুলের পাপেট শো পরিবেশনা থাকবে বলে জানান আয়োজকরা।

শিশু শিল্প উৎসবে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে।