২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ শ্রমিক

রাজধানীর শ্যামপুরের একটি ওয়ার্কশপে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

দগ্ধ মো. বিল্লাল হোসেন (২৮), মো. ইনামুল (৩০), মো. মিজান (২৫), মজিবর (৪০) ও রুবেল (১৫) শ্যামপুরের ‘হালিম মল্ডিং’ নামের একটি ওয়ার্কশপে কাজ করেন।

শনিবার বেলা সাড়ে ৪টার দিকে স্থানীয়রা দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত আর্মড পুলিশের এসআই মো. জুলহাস।

বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, দগ্ধদের মধ্যে বিল্লাল, ইনামুল ও মিজানের অবস্থা গুরুতর।

রাজধানীর কদমতলী থানার এসআই সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন ৮ নম্বর প্লটের ৬ নম্বর রোডের মাথায় টিনশেড রুমের ওই ওয়ার্কশপে লোহা গলিয়ে পাত তৈরি করা হতো।

সেখানেই হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই পাঁচ শ্রমিক দগ্ধ হয়।

এ ঘটনায় ওয়ার্কশপের মালিক আবদুল হালিমের সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা করছে বলে জানান এই পুলিশ সদস্য।