২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি রফিক আজাদের মৃত্যুর ‍ভুয়া খবর

অসুস্থ কবি রফিক আজাদের ‘মৃত্যুর সংবাদ’ ফেইসবুকে ১২ ঘণ্টা আগে দিয়েছিলেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 12:46 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

মস্তিষ্কে রক্তক্ষরণের পর রফিক আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

শনিবার ভোররাতে (২টায়) নিজের ফেইসবুক পাতায় মারুফ কামাল খান লেখেন, “ভাত দে হারামজাদা, তা না হ'লে মানচিত্র খাবো... “১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় এই বিক্ষুব্ধ পংক্তিমালার রচয়িতা মুক্তিযোদ্ধা, সম্পাদক কবি রফিক আজাদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বেদনাহত চিত্তে তাঁকে তাঁর কবিতার সংগে মনে রাখবো অনেক কাল।”

তার এই স্ট্যাটাসের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপর শনিবার দুপুর ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কবি রফিক আজাদের বড় ভাইয়ের মেয়ে ড. নীরু শামসুন্নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটি সত্য নয়।

“না না, তিনি মারা যাননি। ভুল স্ট্যাটাস দিয়েছে।”

“তবে তার অবস্থা খুব একটা সন্তোষজনক না। উনার জীবন এখন চরম সঙ্কটাপন্ন। এখনও উনারা (ডাক্তাররা) চেষ্টা করছেন। চূড়ান্ত চেষ্টাই চলছে আরকি,” বলেন তিনি।

এই বিষয়ে কথা বলতে মারুফ কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে ফেইসবুকে এক স্ট্যাটাসে তিনি ভুল খবর দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।

তার ঘণ্টাখানেকের মধ্যে হাসপাতালে কবি রফিক আজাদের লাইফ সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে নিরু শামসুন্নাহার জানান।    

৭৪ বছর বয়সী রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে গত জানুয়ারিতে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী রফিক আজাদ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি।