‘গুম’ সুমনকে নিয়ে হাই কোর্টের রুল
দুই বছরের বেশি সময় ধরে নিখোঁজ ঢাকার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বিষয়ে একটি রুল এসেছে হাই কোর্ট থেকে।
বিএনপির অভিযোগ তাকেসহ দলের অনেক নেতা-কর্মীকে আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গুম করেছে। এসব ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবিও জানিয়েছেন বিএনপিপ্রধান খালেদা জিয়া।
সুমনের পরিবারের অভিযোগ, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকেসহ ছয়জনকে ধরে নিয়ে যায়।
সুমনসহ বেশ কয়েকটি অপহরণের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে ৩ মার্চ নিখোঁজ সুমনের মা হাজেরা খাতুন একটি রিট আবেদন করেন, যার ওপর বৃহস্পতিবার প্রাথমিক শুনানি নিয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এতে সুমনকে দুই বছরের বেশি সময় আগে ‘গ্রেপ্তার বা অপহরণ বা নিরুদ্দেশ রাখার’ ঘটনা কেন বেআইনি এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালক, ঢাকা জেলার প্রশাসকসহ ১৩ জনকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ; সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর তার তিন বন্ধুর সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচে বসে গল্প করছিল। কালো পোশাক পরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরসহ ছয়জনকে ধরে নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে র্যাব-১ লেখা একটি মাইক্রোবাস ও তিনটি গাড়ি ছিল।
“এ ঘটনায় সুমনে মা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একাধিক চিঠিও দেন। সর্বশেষ একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার কমিশনকে জানায়, এরমধ্যে একজনের পক্ষ থেকে একটি নিখোঁজ মামলা করা হয়েছে। তাই একই ঘটনায় নতুন করে মামলার সুযোগ নেই। এখন পর্যন্ত সুমনের খোঁজ মেলেনি।
“আমি আদালতে বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠি সম্পূর্ণ বেআইনি। দেশের একজন নাগরিক এভাবে অপহরণ হবে আর তার খোঁজ পাওয়া যাবে না- এটা হতে পারে না। আইন-শৃঙ্খলার এ পরিস্থিতি শুনে আদালত উদ্বেগ প্রকাশ করেছেন।”
ব্যারিস্টার মওদুদ বলেন, “এতদিন পরে কেন আদালতের শরণাপন্ন হয়েছে সুমনের মা- এমন প্রশ্ন ওঠায় আমি আদালতকে বলেছি, সুমনের মা সরকার, আইন-শৃঙ্খলা বাহনী ও জাতীয় মানবাধিকার কমিশনে ঘুরে কোনো প্রতিকার পাননি, তাই আদালতে আসতে দেরি হয়েছে।”
