গুম-খুন তদন্তে উচ্চ পর্যায়ের কমিশন চান খালেদা
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পাশাপাশি সব দলের অংশগ্রহণে ‘সুষ্ঠু’ নির্বাচনের জন্য দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে ঢাকা মহানগরীতে ‘নিখোঁজ’ দলীয় নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি নেত্রী এসব দাবি জানান।
খালেদা জিয়া বলেন, “এ যাবতকালে গুম-অপহরণ-বিচারবহির্ভূত হত্যাসহ সামগ্রিক ঘটনাবলী তদন্তে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের খ্যাতিমান সিনিয়র আইনজীবী, জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে বিশ্বাসযোগ্য ও কার্যকর একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।”
র্যাব বিলুপ্তির পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাদা পোশাকে অভিযান পরিচালনা বন্থসহ আট দফা দাবি জানান তিনি।
যেসব পত্রিকা ও টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে সেগুলো খুলে দেয়া এবং গ্রেপ্তার সম্পাদক- সাংবাদিকদের মুক্তি দেয়ারও দাবি জানান খালেদা জিয়া।
‘এসব রাজনৈতিক দাবি নয়’-মন্তব্য করে তিনি বলেন, “নাগরিকদের প্রাণ রক্ষা ও নিরাপত্তার জন্য এসব নিশ্চিত করতে হবে। এসব বিষয় আইনে আছে। কিন্তু তার প্রয়োগ নেই।”
‘সরকারের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইন ভাঙায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে’- দাবি করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
র্যাবের বিলুপ্তির দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের আশির্বাদপুষ্ট র্যাব আজ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক এক ঘাতক বাহিনী। দেশবাসী ও দুনিয়ার বিবেকবান মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো থেকে এই বাহিনী বিলোপের দাবি উঠেছে।
“আমরা র্যাব গঠন করলেও এই গুরুতর পরিস্থিতিতে আমাদের বেদনার সঙ্গে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানাতে হয়েছে। ১৯৭৫ সালে জাতীয় রক্ষীবাহিনী বিলোপের মতোই র্যাব বিলুপ্ত করা আজ সময়ের দাবি হয়ে উঠেছে।”
র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ‘কলঙ্কিত’ করা হয়েছে দাবি করে তিনি বলেন, “এতে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সুনামও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। এর সব কিছুর জন্য দায়ী সরকার। তাদের পরিকল্পনা ও নির্দেশে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই দায়ভার মাথায় নিয়েই সরকারকে র্যাব বিলুপ্ত করতে হবে।”
নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “জনসস্মতি ও সমর্থনহীন কোনো সরকার কৌশল ও বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকলে দেশ ও সমাজ এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগুতে থাকে। এরকম সরকার সত্যিই বিপদজনক। এরকম সরকার যত দ্রুত বিদায় নেয়, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।
“আমরা এই অবৈধ সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয়-নিরপেক্ষ ব্যবস্থার অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।”
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম প্রমুখ বক্তব্য রাখেন।
নিখোঁজদের পরিবারের সদস্যদের মধ্যে সবুজবাগ ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সুজনের বাবা আবদুল জলিল খান, বিমানবন্দর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার বাবা মো. শামসুদ্দিন, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বড় বোন রেহানা বানু মুন্নী, বংশাল থানা ছাত্রদল সহ-সভাপতি খালেদ হাসান সোহেলের বাবা শামসুর রহমান, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম ফেরদৌসী, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা এ এম আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টুর মা হাসিনা বেগম প্রমুখ বক্তব্য দেন।
র্যাব ও পুলিশ সদস্যরা স্বজনদের ধরে নিয়ে গেছে অভিযোগ করে তাদের জীবিত ফেরত চান তারা।
এ সময় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম এ মান্নান, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুইয়া, জোট শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ িউপস্থিত ছিলেন।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া তার বাসা থেকে গুলশানের কার্যালয়ে আসেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপরই নিখোঁজ নেতা-কর্মীদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান অনুষ্ঠানের শুরুতে বলেন, “যে অনুষ্ঠান সরকারের বাধার কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হতে পারেনি, তা এখানে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হচ্ছে।”
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশের প্রস্তুতি নিলেও পুলিশি বাধায় ওই কর্মসূচি পালন থেকে পিছু হটেন বিএনপি নেতা-কর্মীরা।
ওই সভায় ‘নিখোঁজ’ দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের আমন্ত্রণ জানানো হয়ছিল।
