নিখোঁজদের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নিখোঁজের দুই বছরে সন্ধান না মিললেও তারা ‘নেই’ তা বিশ্বাস করতে পারছেন না স্বজনরা, তাই প্রিয়জনের ফেরার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত কাটার কথা জানালেন ঢাকার ১৯ পরিবারের সদস্যরা।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও দশম সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে দুই বছর আগে ঢাকা থেকে এই ১৯ জন নিখোঁজ হয়েছিলেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিখোঁজদের খুঁজে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন তারা।
নিখোঁজরা হলেন-বিএনপির ঢাকা মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন (শাহীনবাগ), ছাত্রদলের সবুজবাগ থানার সভাপতি মাহবুব হাসান সুজন, ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টু ও মো. পারভেজ হোসেন, জাহিদুল করিম তানভীর (বসুন্ধরা), আব্দুল কাদের ভূইয়া ওরফে মাসুম (পূর্ব নাখালপাড়া), মাজহারুল ইসলাম রাসেল (পশ্চিম নাখালপাড়া), আসাদুজ্জামান রানা (উত্তর মুগদা), আল-আমিন (উত্তর বাড্ডা), এমএ আদনান চৌধুরী (শাহীনবাগ), কাউসার (পশ্চিম নাখালপাড়া), খালিদ হাসান সোহেল (বাংলাবাজার), সম্রাট মোল্লা (সূত্রাপুর), জহিরুল ইসলাম ওরফে হাবিবুর বাশার জহির (বংশাল), মো. সোহেল (বংশাল), মো. সোহেল চঞ্চল (চুরিওয়ালাগলি, বংশাল), নিজাম উদ্দিন মুন্না (মোল্লারটেক, দক্ষিণখান), তরিকুল ইসলাম ঝন্টু (দক্ষিণখান) ও কাজী ফরহাদ (সবুজবাগ)।
তাদের অভিযোগ, ২০১৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ও র্যাব পরিচয়ে ওই ১৯ জনকে ধরে নেওয়া হয়। পরে থানায় খোঁজ নিয়ে তাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ সাজেদুল ইসলাম ওরফে সুমনের মা হাজেরা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন।
সন্তানের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, “আর পারি না, বাবা। দুই বছর হয়ে গেল। তারপরেও আমরা এখনো আশায় আছি।”
নিখোঁজদের কারও মা, কারও বাবা, ভাই-বোন এবং কারও কারও স্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
স্বামী, সন্তান বা ভাই ফিরে আসবেন বলে অপেক্ষায় থাকার কথা জানান তারা।
নিখোঁজ একজনের সন্তান অরোয়া; বাবা উধাও হওয়ার সময় দুই বছরের ছেলেটি এখন অনেক কিছুই বোঝে।
“ও বাবার ছবির দিকে তাকিয়ে থাকে এবং তার ফিরে আসার অপেক্ষা করে,” বলেন শিশুটির মা।
