শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ঢাবি ছাত্র ফ্রন্টকর্মীর বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক নেতার বিরুদ্ধে।
নিখিল অপরাধ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র। ব্যবম্থাপনা বিভাগে স্নাতকোত্তর পর্বে পড়েন তুষার।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হলের ৬০১১ নম্বর কক্ষে নিখিল তার উপর হামলা চালায় বলে তুষার জানিয়েছেন। তারা একই কক্ষে থাকলেও নিখিলের নামে সিট বরাদ্দ নেই বলে তুষারের দাবি।
অভিযোগে তুষার বলেছেন, “রাতে আমি রিডিং রুম থেকে রুমে ঢুকলে বরাদ্দ ছাড়াই ওই কক্ষে থাকা নিখিল আমাকে রুম ঝাড়ু দিতে বলে। আমি তাকে বলি যে, যেটুকু সামান্য ধুলাবালি তার পাশে পড়েছে সেটুকু সেদিন রাতের মতো পরিষ্কার করে নিতে।
“তখন নিখিল আমাকে ঘুষি মারতে থাকে। রুমমেটদের সহায়তায় আমি নিখিলকে থামাই। ঘটনাটি আমি ছাত্র ফ্রন্টের নেতাদের জানাই। তারা নিখিলের পক্ষে সাফাই গাইতে থাকে।”
ধুলা হওয়ার কারণ জানিয়ে তুষার বলেন, নতুন একটি সিলিং ফ্যান লাগানোর সময় ওই ধুলা পড়েছিল। ক্লান্ত থাকায় পরদিন তিনি পরিষ্কার করবেন বলে ঠিক করেছিলেন।
তুষারের অভিযোগ, ছাত্র ফ্রন্টের কর্মীরা ৬০১১ নম্বর কক্ষে তার সিটটি দখল করতে চাইছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সিটটি দখল নেওয়ার জন্য কিছু দিন আগেও ওই সংগঠনের কর্মীরা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল।”
এই বিষয়ে ছাত্র ফ্রন্টের জগন্নাথ হল শাখার সদস্য সচিব খোকন মোহন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সংগঠন সম্পর্কে বাজে মন্তব্য করায় অতীতে বিভিন্ন সময়ে তার (তুষার) সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। আর রাতে রুমের নিময় শৃঙ্খলা নিয়ে কথা উঠায় দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি।”
প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অভিযোগ শুনেছেন। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবেন তিনি।
