২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে যৌন নিপীড়ন: গ্রেপ্তার কামাল ফের রিমান্ডে

বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার মো. কামালকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

বর্ষবরণে যৌন নিপীড়ন: পুনঃতদন্তের নির্দেশ
বর্ষবরণে যৌন নিপীড়ন: স্বীকারোক্তি ‘দেননি’ কামাল
বর্ষবরণে যৌন নিপীড়ন: কামাল রিমান্ডে, পুনরুজ্জীবিত হচ্ছে মামলা
বর্ষবরণের ‘যৌন নিপীড়কদের’ একজন গ্রেপ্তার

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

এর আগে ২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনার নয় মাস পর গত ২৭ জানুয়ারি কামালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। এ ঘটনায় পরদিন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এরপর গত বছরের ১৭ মে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়ার কথা জানান পুলিশ প্রধান। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।

তবে ঘটনার আট মাস পর গত ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস ঢাকার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, পুলিশ অপরাধী কাউকে শনাক্ত করতে পারেনি।

Image
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনার এই আটজনের ছবি প্রকাশ করে পরিচয় জানতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ

বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনার এই আটজনের ছবি প্রকাশ করে পরিচয় জানতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ

তবে সবজি ব্যবসায়ী কামালকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তার ছবিও ওই আটজনের মধ্যে ছিল। ঘটনার সময় তার দাঁড়ি থাকলেও গ্রেপ্তার এড়াতে তিনি তা কেটে ফেলেন। ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ওই ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।

মামলা সক্রিয় না থাকায় কামালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা পুরনো মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দীপক।

এরপর মামলাটি পুনরুজ্জীবিত করার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদা খাতুনের আবেদনে গত ২৩ ফেব্রুয়ারি মামলা পুনঃতদন্তে পুলিশের তদন্ত ব্যুরোকে দায়িত্ব দেন ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার।

পুরান ঢাকার চকবাজারের সবজি বিক্রেতা কামালকে ফের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান পুলিশ তদন্ত ব্যুরোর পরিদর্শক মো. আবদুর রাজ্জাক।

আবেদনে বলা হয়, মামলার আগের তদন্ত কর্মকর্তার কাছে কামাল স্বীকার করেছেন, মামলার ঘটনা তদন্তকালে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহ করা ছবির সঙ্গে তার ছবির মিল রয়েছে। তাই ঘটনার সঙ্গে তার জড়িত থাকা সম্পর্কে এবং অন্য আসামিদের খুঁজে বের করার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।