ঢাকায় সাইকেল লেইনের দাবিতে মানববন্ধন
রাজধানীর সড়কে বাইসাইকেলের জন্য আলাদা লেইনের দাবিতে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার বাংলাদেশ সাইকেল লেইন বাস্তবায়ন পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে দাবির সপক্ষে স্বাক্ষর সংগ্রহও করা হয়।
মানববন্ধন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দিতে সাইকেলে রওনা হন আয়োজকদের একটি প্রতিনিধি দল।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী আবুল কাশেম, ভাস্কর রাশা, মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসনাত, বিডিক্লিক’র উপদেষ্টা নাজিমুদ্দিন প্রমুখ।
গোলাম কুদ্দুছ বলেন, “যান চলাচলের জন্য কোটি কোটি টাকার জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে যেমন খরচ করতে বাড়ছে তেমনি যানজট ও পরিবেশ দূষণ হচ্ছে। একইসঙ্গে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
“সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি সাইকেল ব্যবহার করে। আর সাইকেল ব্যবহারের জন্য প্রথম দরকার সাইকেল লেনের।”
আবুল কাশেম বলেন, সাইকেল চালানোর ফলে যেমন খরচ কমে তেমনি ব্যয়ামও হয়।
আমিনুল ইসলাম টুব্বুস বলেন, “বর্তমানে নির্বাচিত দুই মেয়র নির্বাচনের আগে সাইকেল লেইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কাজের কিছুই শুরু হয়নি।”
