২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশের চার জেলার চারটি হত্যা মামলায় একদিনে ১৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:41 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বুধবার ঘোষিত এসব রায়ে চট্টগ্রাম এক শিক্ষার্থী হত্যা মামলায় ছয়জন, রংপুরে এক নারী হত্যার দায়ে পাঁচজন, নাটোরে এক শিশুর হত্যার দায়ে একজন এবং গাজীপুরে এক ব্যক্তিকে হত্যার মামলায় আরও একজনকে যেতে হবে ফাঁসিকাষ্ঠে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, ২০১১ সালে এসএসসি পরীক্ষার্থী হিমেল দাশ সুপেনকে অপহরণের পর হত্যার দায়ে করা মামলায় চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহমুদুল ইসলাম, তার ভাই নজরুল ইসলাম ওরফে লাল মিয়া, সুনীল দাশ, মিজানুর রহমান চৌধুরী, মো. হোসেন ওরফে সাগর ও মো. সেলিম।

এদের মধ্যে প্রথম চারজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। হোসেন ও সেলিম পলাতক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী বিবেকানন্দ চৌধুরী।

তিনি জানান, ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করা হয়। পরের বছরের ২৭ অগাস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিচারক এ রায় ঘোষণা করেন।  

২০১১ সালের ৮ মে বন্ধুদের সাথে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হিমেল।

এরপর থেকে কোনো খোঁজ না পাওয়ায় ১১ মে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়রি করেন তার মা পাপিয়া সেন। এর তিন দিন পর বান্দরবানের জঙ্গল থেকে হিমেলের লাশ উদ্ধার করে পুলিশ। ১২ মে প্রকাশিত এসএসসি’র ফলাফলে হিমেল জিপিএ-৫ পেয়েছিল।

পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে কাকা সুনীল দাশ হিমেলকে হত্যা করা হয়েছিল বলে সে সময়ে সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন তার মা পাপিয়া সেন। পাপিয়ার দাবি, হিমেলের বাবা রেলওয়ের সাবেক কর্মকর্তা সুশীল কুমার দাশকেও ২০০৬ সালে পারিবারিক সম্পদের জন্য হত্যা করা হয়েছিল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডবিধির ৩০২ ও ৩৩৪ ধারায় মাহমুদুল, তার ভাই নজরুল, হোসেন ও সেলিমকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। ৩০২ ও ১০৯ ধারায় মিজান ‍ও সুনীলকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

এদিকে নারী ও শিশু নির্যাতন আইনের ৫ ধারায় নজরুল ইসলাম ছাড়া অন্য পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান নাসের।

পিপি বলেন, মামলায় অভিযুক্ত ছয়জন ছাড়াও মিয়ানমারের দুই নাগরিককে আসামি করা হয়েছিল। কিন্তু তাদের বিস্তারিত পরিচয় পাওয়া না যাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রংপুর প্রতিনিধি জানান, পীরগঞ্জে এক দশক আগের আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান।

দণ্ডিতরা হলেন আনজিলার সহোদর ছোট ভাই আব্দুল মজিদ (২৮), মমিনুল হক (৩১), আরিফুল ইসলাম (২৮), এমদাদুল হক (৩২) ও আনোয়ারুল হক (৩০)।

এরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর এলাকার বাসিন্দা বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, আব্দুল মজিদের আপন ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন ২০০৬ সালের শুরুর দিকে। ওই হত্যা মামলার আসামি হলেন মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হক।

এ মামলার বাদী ছিলেন নিহত গোলাপ মিয়ার বাবা বাচ্চা মিয়া।

ওই মামলার বাদীপক্ষকে উল্টো ফাঁসানোর জন্য আব্দুল মজিদের বোন আনজিলাকে হত্যার ষড়যন্ত্র করে চার আসামি। এজন্য মজিদকে দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা এবং মজিদ তাতে রাজি হয়। পরে পাঁচজন মিলে ২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানান, আব্দুল মজিদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার ঘটনা বর্ণনা এবং জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওই ঘটনায় আনজিলার বড়ভাই আব্দুল বাকি বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে ১০ মার্চ সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ফারুক।

পীরগঞ্জ থানার তৎকালীন এসআই আবু আব্দুল্লাহ ২০০৬ সালের ৩১ অগাস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

গাজীপুর প্রতিনিধি জানান, টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।

Image
দণ্ডপ্রাপ্ত রমজান ওরফে মকবুল

দণ্ডপ্রাপ্ত রমজান ওরফে মকবুল

দণ্ডপ্রাপ্ত রমজান ওরফে মকবুল কসাই টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ১৪ মার্চ বিকালে নুরুল ইসলাম (৫০) টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যান। এ সময় রমজান ওরফে মকবুল কসাই পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে করে পুলিশে দেয়। ওই দিন নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা করেন।

নাটোর প্রতিনিধি জানান, এক শিশু হত্যার নয় বছর পর একজনের ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায়।

দণ্ডিত সাহারুল ইসলাম (২৯) লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি আব্দুল হাই বলেন, ২০০৭ সালের ৬ নভেম্বর লালপুর উপজেলার রঘুনাথ গ্রামের মুকরুম আলী সরদারের মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তি (৬) বাড়ির সামনে খেলা করছিল।

“এ সময় ওই গ্রামের সাহারুল ইসলাম শালুক তুলে দেওয়ার কথা বলে মুক্তিকে তার বাড়ি নিয়ে যায়। পরে তার কানের স্বর্ণের দুল কেড়ে নিয়ে তাকে গলাটিপে হত্যা করে।”   

পিপি বলেন, ওইদিন বিকালে সাহারুলের ঘরের নিচ থেকে মুক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাহারুল, তার বাবা ও মাকে আসামি করে একটি মামলা করেন মুক্তির বাবা।

২০০৮ সালের ৮ জানুয়ারি পুলিশ এই তিনজনের নামে অভিযোগপত্র দেয়। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

সাহারুল জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তার বাবার মৃত্যু হয়েছে এবং মাকে খালাস দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।