২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুই হাসপাতাল কর্তৃপক্ষকে জেল-জরিমানা

লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনাসহ নানা অনিয়মের দায়ে রাজধানীর মোহাম্মদপুরের দুই হাসপাতাল কর্তৃপক্ষকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 08:16 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত র‍্যাব সদস্যদের সহায়তায় পরিচালিত এই অভিযানে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নেতৃত্ব দেন বলে বাহিনীটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মোহাম্মদপুরের হুমায়ূন রোডের ঢাকা জেনারেল হাসপাতাল ও মোহাম্মদপুর জেনারেল হাসপাতাল লাইসেন্স ছাড়া এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করা হচ্ছিল।

এসব অপরাধের কারণে মোহাম্মদপুর জেনারেল হাসপাতালের মালিক মো. আব্দুল মোতালেব (৩০) এক বছর তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং ঢাকা জেনারেল হাসপাতালের চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোহাম্মদপুর জেনারেল হাসপাতালকে আগামী সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেনারেল হাসপাতাল ও মোহাম্মদপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দেখা যায় হাসপাতাল দুটি লাইসেন্স ছাড়া পরিচালনা করা হচ্ছে।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি, ব্যবস্থাপক দিয়ে এবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীর ব্যবস্থাপত্র লেখা হয় ও স্বাক্ষর করা হয়।

অপারেশন কক্ষে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

গাইনি রোগী ভর্তি থাকলেও কোনো নারী চিকিৎসাক ছিল না আর ছয়জন গুরুতর অসুস্থ রোগী ভর্তি থাকলেও তাদের পরিচর্যার জন্য কোনো চিকিৎসক ও নার্স ছিল না।

এ ধরনের অপরাধের কারণে হাসপাতাল দুটির কর্তৃপক্ষকে এই জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রব ও ঔষুধ প্রসাশনের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন সঙ্গে ছিলেন।