২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীকী অনশনে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবিতে ঢাকায় প্রতীকী অনশন হয়েছে, যা থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠনের আহ্বানও উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 08:01 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

পার্বত্য সমস্যার সমাধান রাজনৈতিকভাবে: প্রধানমন্ত্রী
‘হতাশ’ জেএসএসের খোলা চিঠি প্রধানমন্ত্রীকে

কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান।

সকাল ১০টায় কর্মসূচির শুরুর পর বেলা ২টায় পানি পান করিয়ে অনশন ভাঙান ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

প্রবীণ এই রাজনীতিক বলেন, “আগে বিএনপি-জামায়াত আদিবাসীদের ভূমি দখল করত। এখন নতুন জামায়াত-বিএনপি হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। শুধু তারাই নয়, অনেক মন্ত্রী-এমপিও আদিবাসীদের ভূমি দখল করছে।”

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দ্রুত করতে সরকারকে আহ্বান জানিয়ে পঙ্কজ বলেন, “ভুল অঙ্ক শেখাবেন না। এ জন্য দাবি করি, অতি দ্রুত সন্তু লারমার সঙ্গে বৈঠক করুন। কত দিনের মধ্যে চুক্তির ধারাগুলো বাস্তবায়ন করবেন, সেই রোডম্যাপ দিন।”

১৯৯৭ সালে সরকারের সঙ্গে এই শান্তি চুক্তি স্বাক্ষরকারী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তি বাস্তবায়নের গতিতে হতাশ হয়ে রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়ে আসছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্যে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়নের কথা জানালেও তার প্রতিক্রিয়ায় সন্তু লারমার দল জনসংহতি সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, ভূমি ব্যবস্থাপনাসহ বেশিরভাগ শর্তই বাস্তবায়িত হয়নি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “পার্বত্য শান্তি চুক্তির কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেটা শুনতে চাই না, আমরা চুক্তির ১৬ আনা বাস্তবায়ন চাই।”

“চুক্তির বাস্তবায়নকে বিলম্বিত করে সরকার আদিবাসীদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। সরকার ২০০৮ সালের নির্বাচনের আগে দিন বদলের সনদে নানা প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত আদিবাসীদের দিন বদল হয়নি,” বলেন রানা দাশগুপ্ত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা বলেন, চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকারের টালবাহানা প্রতারণার শামিল।

মানবাধিকার কর্মী খুশী কবির বলেন, “১৯৭১ সালে পাক বাহিনী এদেশের আপামর জনসাধারণের সাথে যা করেছে, তা আজ আমরা এদেশের আদিবাসী জনগণের সাথে করছি। এটি কখনই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

কর্মসূচিতে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “চুক্তি বাস্তবায়নে সরকার যেন আর ধোঁকাবাজি না করে। সরকার একটি উচ্চ পর্যায়ের সংলাপের আয়োজন করুক। সেখানে এই চুক্তির বাস্তবায়ন কতটুকু হয়েছে, তা পর্যালোচনা করা হোক।”  

তাদের আন্দোলনে সমর্থন জানিয় সাংস্কৃতিককর্মী রামেন্দু মজুমদার বলেন, “আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। আপনাদের পাশে আমরা আছি।”

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান প্রমুখ।