২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হতাশ’ জেএসএসের খোলা চিঠি প্রধানমন্ত্রীকে

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও ‘বিভ্রান্তিকর’ তথ্য দিয়েছেন দাবি করে শান্তি চুক্তি বাস্তবায়নে সময়ভিত্তিক কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে তাকে খোলা চিঠি দিয়েছে জনসংহতি সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

দেড় যুগ আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সরকারের সঙ্গে চুক্তিকারী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএস বুকলেট আকারে এই খোলা চিঠি প্রকাশ করে গণমাধ্যমেও পাঠিয়েছে।

পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে জেএসএসের ক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ ফেব্রুয়ারি সংসদে বলেন, চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলোও বাস্তবায়নের কাজ চলছে।

তবে জনসংহতি সমিতির দাবি, ভূমি ব্যবস্থাপনাসহ চুক্তির বেশিরভাগ শর্তই বাস্তবায়িত হয়নি।

খোলা চিঠিতে বলা হয়, “সরকারের তরফ থেকে বলা হচ্ছে, চুক্তির বেশিরভাগ অংশই বাস্তবায়িত হয়েছে। আর জনসংহতি সমিতিসহ পার্বত্যবাসী ও নাগরিক সমাজের মতে চুক্তির মৌলিক বিষয়াদিসহ দুই-তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত রয়েছে।

“বিশেষ করে, চুক্তির মৌলিক বিষয়সমূহ অবাস্তবায়িত থাকায় পার্বত্য চট্টগ্রামে এখনও পূর্বের ন্যায় নিরাপত্তাহীন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো ‘আশার আলো’ পাওয়া যায়নি উল্লেখ করে জনসংহতি সমিতি বলেছে, “ভাষণে প্রধানমন্ত্রী পূর্বের বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো পুনরাবৃত্তি করেছেন, যা শুনতে শুনতে মানুষ হতাশাগ্রস্ত ও বিক্ষুব্ধ হয়ে উঠছে।”

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তি চার খণ্ডে বিভক্ত। ‘ক’ খণ্ডে চারটি, ‘খ’ খণ্ডে ৩৫টি, ‘গ’ খণ্ডে ১৪টি এবং ‘ঘ’ খণ্ডে ১৯টি ধারা রয়েছে।

এই ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, এছাড়া ১৫টি ধারা আংশিক বাস্তবায়ন এবং নয়টি ধারা বাস্তবায়নের কাজ চলছে।

Image
সন্তু লারমা, বার বার প্রকাশ করছেন তার ক্ষোভ

সন্তু লারমা, বার বার প্রকাশ করছেন তার ক্ষোভ

জনসংহতি সমিতি বলছে, “ভাষণে চুক্তির এমন অনেক ধারাকে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যেগুলো আসলে বাস্তবায়িত হয়নি।”

পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে ‘রাজনৈতিক চুক্তির’ প্রকৃত অগ্রগতি কখনও গাণিতিক পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা যায় না, বলেছে পাহাড়ি সংগঠনটি।

শেখ হাসিনা সংসদে বক্তব্যে বলেন, পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানেই তার সরকার এগিয়ে চলেছে।

চুক্তি বাস্তবায়নের পরিবর্তে চুক্তিবিরোধী কার্যক্রম বর্তমানে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছে জেএসএস।

“এটা (পার্বত্যাঞ্চল) জুম্ম অধ্যুষিত অঞ্চলের পরিবর্তে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের পরিবর্তে ‘অপারেশন উত্তরণ’-এর মাধ্যমে একপ্রকার সেনাশাসন জারি রয়েছে। জুম্মদের বেহাত জায়গা-জমি ফেরত দেওয়ার পরিবর্তে জায়গা জমি জবরদখল ও চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে।”

রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পর্যটন কেন্দ্র স্থাপন, রিজার্ভ ফরেস্ট ঘোষণা ইত্যাদি পাহাড়িদের প্রান্তিক অবস্থানে ঠেলে দেওয়ার পদক্ষেপ হিসেবে দেখে তার বিরোধিতাও করছে জেএসএস।

পুরনো খবর:

পার্বত্য সমস্যার সমাধান রাজনৈতিকভাবে: প্রধানমন্ত্রী