২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা কমে আমৃত্যু জেল জেএমবি সদস্যের

সিলেটে এক বিচারককে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য আক্তারুজ্জামানের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:49 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

২০০৫ সালের ১৮ অক্টোবর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীকে হামলার ঘটনায় পরের বছর বিশেষ ট্রাইব্যুনাল নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির এই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামির আপিল খারিজ করে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।

আদালতে আক্তারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

আইনজীবী মো. দেলোয়ার হোসেন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে সময় আখতারুজ্জামানের বয়স ছিল ২০ বছর। সে দীর্ঘ নয় বছর কনডেম সেলে আছে।

এসব দিক বিবেচনায় তার দণ্ড কমানোর আরজি জানানো হয়। আপিল খারিজ করে আপিল বিভাগ দণ্ড সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।” 

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী বিচার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। শুমারস্থ পাড়ার বাসার সামনে জেএমবি সদস্য আক্তারুজ্জামান তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে বিচারক বিপ্লব গোস্বামী আহত হন।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সিলেট কতোয়ালী থানায় সেদিনই মামলা করেন বিচারকের গাড়িচালক। ঘটনার দিনই গ্রেপ্তার হন আক্তারুজ্জামান।

মামলায় ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল আখতারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়।

আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাই কোর্টে আসলে তিনিও আপিল করেন।

২০১৩ সালের এপ্রিলে হাই কোর্ট রায়ে আখতারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখে। এর বিরুদ্ধে ওই বছরের ২০ মে আপিল করেন আখতারুজ্জামান; যা বুধবার শুনানির জন্য ওঠে।