২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় হৃদরোগে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

আফ্রিকার দেশ কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশ বাহিনীর এক সদস্য হৃদরোগে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:31 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উগান্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় সকালে মারা যান মো. আশরাফুল ইসলাম (৩৭)।

১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন আশরাফুল।

গত বছর ৯ এপ্রিল শান্তিরক্ষা মিশনে কঙ্গো যান তিনি। মিশনে যাওয়ার আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত ছিলেন।

আশরাফুল ঝিনাইদহের টিকারী গ্রামের ইয়াকুব খাঁর ছেলে।

আশরাফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ সদস্য আশরাফুলের মৃত্যুতে শোক জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক একেএম শহীদুল হক।