২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের টাকা জমা ২৪ ব্যাংকে

চলতি বছর ২৪টি ব্যাংকে জমা দেওয়া যাবে হজের প্রাক-নিবন্ধন ফি এবং হজে যাওয়ার অর্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

ধর্ম মন্ত্রণালয় বুধবার এসব ব্যাংককে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ফি এবং হজ এজেন্টের কাছ থেকে মোয়াল্লেম ফি (হজে যাওয়ার যাবতীয় খরচ) সংগ্রহের অনুমোদন দিয়েছে।

চব্বিশ ব্যাংকের তালিকায় রয়েছে- সোনালী, পুবালী, ট্রাস্ট, প্রাইম, সাউথইস্ট, দি ফারমার্স, ইসলামী, বাংলাদেশ কৃষি, ওয়ান, জনতা, শাহজালাল ইসলামী, ব্যাংক এশিয়া, এক্সিম, মধুমতি ও রূপালী ব্যাংক।

এছাড়া যমুনা, এবি, আল-আরাফাহ ইসলামী, প্রিমিয়ার, মার্কেন্টাইল, সোসাল ইসলামী, অগ্রণী, আইসিবি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকেও হজে যাওয়ার টাকা জমা দেওয়া যাবে।

জাতীয় হজ নীতি অনুযায়ী, হজে যেতে হলে এবার থেকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেওয়া হবে। মোবাইলে এসএমএস করেও প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে।

আগামী ৩০ জুনের মধ্যে হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে নিবন্ধন করতে হবে। এ সময় অগ্রিম নিবন্ধনের সময় নেওয়া ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে।

পুরো টাকা পরিশোধের পর হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে।

মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি হজ প্যাকেজ অনুমোদন দেয়।

সরকারি-বেসরকারিভাবে হজে যেতে এবার প্যাকেজ-১ খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।

সৌদির সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবেন।

জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের হজযাত্রীদের কোটা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

কোটা অনুযায়ী, বাংলাদেশের ১ লাখ ২৫ হাজার মানুষের হজে যাওয়ার সুযোগ থাকলেও হারাম শরীফের সংস্কার কাজ চলায় নির্ধারিত কোটা থেকে সব দেশের কোটা ২০ শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি আরব।