২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

এক মাস আগে রাজধানীর পল্লবীতে মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ এক গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার বেলা ২টার দিকে স্বপ্না আক্তার (২০) নামে ওই নারীর মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জুলহাস জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি স্বপ্নার বাসার নিচে থাকা একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আগুন দিলে বিস্ফোরণ ঘটে। এতে স্বপ্নাসহ তার পরিবারের পাঁচজন দগ্ধ হন।

স্বপ্নার দেবর মো. মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার নিচে থাকা একটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে পালিয়ে গিয়েছিল।

আহতদের ওই দিনই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও রিদিতা ও রায়না নামে স্বপ্নার দুই ননদ এখনও চিকিৎসাধীন বলে মনসুর জানিয়েছেন।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খাজা সুপার মার্কেটে আগুনের ধোঁয়ায় অসুস্থ পাঁচ দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- উজ্জ্বল (২৫), ইব্রাহীম (১৮), রনি (২৭), সামাদ (১৮) ও মানিক (৩০)।

এসআই জুলহাস বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে তাদের হাসপাতালে আনা হয়।

অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খাজা সুপার মার্কেটে আগুন লাগে। বেলা দেড়টার দিকে আগুন নেভানো হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

পান্থপথে যুবকের লাশ

রাজধানীর পান্থপথের এক বাসায় গলায় গামছা বাঁধা অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই যুবকের নাম মো. কিরন (২৫)। তিনি মালেক স্টিল অ্যান্ড ফার্নিশার্স নামে একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী।

এসআই জুলহাস সাংবাদিকদের বলেন, কিরণকে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।